
পরিবহন-সংকটে ভুগছেন রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। প্রায় ২৭ হাজার শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে মাত্র তিনটি বাস। তা-ও ২৮ বছরের পুরোনো। অপর্যাপ্ত ও লক্কড়ঝক্কড় মার্কা গাড়ির কারণে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
কলেজ সূত্র জানায়, ২৭ হাজার শিক্ষার্থীর মধ্যে কলেজের চারপাশে অবস্থিত শতাধিক আবাসিক মেসে প্রায় আট হাজার শিক্ষার্থীর বসবাস। এ ছাড়া কলেজের দুটি ছাত্রাবাসে প্রায় এক হাজার ছাত্রী থাকেন। এই দুই শ্রেণির শিক্ষার্থীর কোনো পরিবহনের প্রয়োজন পড়ে না। কিন্তু এর বাইরে নগরের বিভিন্ন স্থান থেকে ১৮ হাজার শিক্ষার্থী নিয়মিত কলেজে যাওয়া-আসা করেন। বিপুলসংখ্যক এই শিক্ষার্থীর বিপরীতে তিনটি বাস নিতান্তই অপ্রতুল।
সূত্রটি জানায়, তিনটি বাসের মধ্যে ৫২ আসনের দুটি ১৯৮৭ সালের ও ৩২ আসনের অপর বাসটি তারও আগের কেনা। বর্তমানে ৫২ আসনের একটি বাস বিকল পড়ে আছে। পুরোনো এই গাড়িগুলো মেরামত করে জোড়াতালি দিয়ে চলছে শিক্ষার্থী পরিবহন।
প্রতিদিন কলেজের বাসে করে যাতায়াত করেন এমন কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, কলেজ বাসে শহরের জন্য ভাড়া দিতে হয় তিন টাকা। এতে যাওয়া-আসা মিলে খরচ পড়ে ছয় টাকা। আর শহরের বাইরে পাগলাপীর ও বুড়িরহাট এলাকা পর্যন্ত যেতে-আসতে ভাড়া লাগে ১৪ টাকা। কিন্তু এই দূরত্বে অন্য পরিবহনে খরচ পড়ে ৫০ টাকা থেকে ৮০ টাকা।
বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নূর-ই-জান্নাত বলেন, অন্য বাসে অনেক টাকা লাগে। তাই কলেজের বাসে চড়তে হয়। কিন্তু এই বাস প্রায়ই রাস্তায় বিকল হয়ে পড়ে।
অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিকুর রহমান থাকেন নগরের চেকপোস্ট এলাকায়। কলেজের বাসে উঠতে না পারলে তাঁকে অটোরিকশায় যাতায়াত করতে হয়। তিনি বলেন, কলেজের বাসে গেলে দিনে মাত্র ছয় টাকা খরচ। আর বাস না পেলে ৮০ টাকা।
এত পুরোনো গাড়ি চালাতে চালকেরাও হিমশিম খাচ্ছেন। বাসচালক শাহজাহান আলী বলেন, গাড়ি চালাতে নানা সমস্যা হয়। পুরোনো গাড়ি প্রায়ই বিকল হয়, ঠিকঠাক করে আবার চালানো হয়। কিন্তু এভাবে আর কত দিন
সংকট লাঘবে নতুন বাস বরাদ্দের দাবি জানিয়ে অধ্যক্ষকে একাধিকবার স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানান সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকশি।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ বিনতে হুসাইন নাসরিন বানু বলেন, নতুন বাস বরাদ্দের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে বহুবার আবেদন করা হয়েছে, কিন্তু কোনো ফল নেই।