পুরান ঢাকার নাজিরাবাজার শরীরচর্চা কেন্দ্র দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। নেই কোনো আধুনিক সরঞ্জাম। জোড়াতালি দিয়ে চলছে ব্যায়ামাগারটি।
কাজী আলাউদ্দিন সড়ক ধরে গেলে নাজিরাবাজারে এই শরীরচর্চা কেন্দ্রটি। স্বাধীনতার পর প্রতিষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেলে গিয়ে দেখা যায়, উচ্চ স্বরে গান বাজছে। প্রায় ১৫ জন লোক ব্যায়াম করছেন। দেয়ালে কুস্তিগিরদের ছবি আঁকা। কথা বলে জানা গেল, একটি বিজ্ঞাপনের শুটিং করার জন্য ছবিগুলো আঁকা হয়েছিল।
দেয়ালের কিছু কিছু জায়গায় পলেস্তারা উঠে গেছে। ব্যায়ামের সরঞ্জাম দেখলেই বোঝা যায়, অনেক পুরোনো। কিছু কিছু সরঞ্জামে মরিচাও ধরেছে। এর মধ্যে অনেকগুলোই নষ্ট।
মোরসালিন রাসেল চার বছর ধরে এই শরীরচর্চা কেন্দ্রে নিয়মিত ব্যায়াম করেন। তিনি বলেন, ‘সব অ্যানালগ যন্ত্র। আধুনিক কিছুই নাই। মাল্টি জিমটা (একসঙ্গে অনেক ধরনের ব্যায়াম করার যন্ত্র) নষ্ট। এর মধ্যেই ব্যায়াম করি।’
নাজিরাবাজার শরীরচর্চা কেন্দ্রটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীন। এখানে ভর্তি ফি ৪৫০ টাকা। এ ছাড়া প্রতি মাসে দিতে হয় ৩০ টাকা ফি। এখানকার তত্ত্বাবধায়ক বললেন, প্রায় ৭০ ভাগ সরঞ্জামই নষ্ট। নিজেরাই বিভিন্ন জিনিস জোড়া দিয়ে কাজ চালাচ্ছেন। কয়েক মাস আগে ডিএসসিসির মেয়র এসেছিলেন এখানে। তখন তিনি সমস্যাগুলো তালিকাবদ্ধ করে নেন।
এই শরীরচর্চা কেন্দ্রের প্রশিক্ষক মাকসুদুর রহমান আট বছর ধরে আছেন। তিনি বললেন, ‘সর্বশেষ মেয়র হানিফ সাহেবের সময়ে কিছু কাজ হয়। এরপরে জিম এমনই আছে। আমাদের জিমটা অনেক বড়, তবে মানুষ কম। শুধু ভালো সরঞ্জাম নেই বলেই লোক আসে না।’ তিনি আরও বলেন, ‘এই নাজিরাবাজারেই বেশ কয়েকটি বেসরকারি শরীরচর্চা কেন্দ্র আছে। সেগুলো আকারে ছোট, কিন্তু ব্যায়াম করার সব আধুনিক সরঞ্জাম থাকায় সেখানে মানুষ বেশি যায়। সেগুলোতে ফিও বেশি। সুযোগ-সুবিধা বেশি থাকায় তাদের চেয়ে সরকারি শরীরচর্চা কেন্দ্র পিছিয়ে আছে। কিন্তু এখানে প্রশিক্ষক আছেন, ফি কম; তবু মানুষ আসে না। এ জন্য সবাই নিয়মিতও না।’
এ বিষয়ে ডিএসসিসি অঞ্চল-২-এর সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা মেহেদী হাসান খানের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘মেয়র সাহেব নির্দেশ দিয়েছেন সব জিমের সমস্যা নিয়ে রিপোর্ট দিতে। আমরা সেভাবে কাজ করছি।’ এরপরে মেয়র তাঁদের যেভাবে বলবেন, সেভাবে কাজ শুরু করবেন।