প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশের বিভিন্ন স্থানে সংস্কারকাজ চলছে। দ্রুত ও জোড়াতালি দিয়ে কাজ করায় এতে কোনো উপকার হবে না বলে যানবাহনের চালকেরা জানিয়েছেন। এ কারণে ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগও কমবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
রমজানের শেষের দিকে এই মহাসড়কে ঈদে উত্তরবঙ্গগামী যানবাহনের ব্যাপক চাপ পড়ে। সড়কে বেহাল দশার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। সেই দুর্ভোগ কমাতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ টাঙ্গাইল কার্যালয় অধীনে দুই সপ্তাহ ধরে মহাসড়কে সংস্কারকাজ করছে।
গত রোববার মির্জাপুরের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৬৫ কিলোমিটার ঘুরে দেখা যায়, প্রবল বর্ষণে সড়কের বিভিন্ন স্থান কম-বেশিÿ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মির্জাপুরের গোড়াই, পাকুল্যা, বাসাইলের গুল্যা, করাতিপাড়া, টাঙ্গাইল সদরের করটিয়া বাইপাস, বিক্রমহাটী, রসুলপুর, কালিহাতীর পৌলি, এলেঙ্গা অংশে খানাখন্দের পরিমাণ অনেক বেশি।
মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকায় দেখা যায়, সংস্কারকাজ চলছে। সাময়িকভাবে খানাখন্দগুলো পাথর ও বিটুমিন দিয়ে ভরাট করা হচ্ছে। এই সড়কে নিয়মিত বাস চালান অমর চন্দ্র। তিনি জানান, সড়ক সংস্কারের কাজ যেভাবে করা হচ্ছে তাতে আবার সামান্য বৃষ্টি হলেই সবকিছু নষ্ট হয়ে যাবে। এ কাজ করে কোনো লাভ হচ্ছে না। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিরালা পরিবহনের চালক আবু সাইদ বলেন, পাকুল্যা থেকে মির্জাপুর সদর সড়কের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। এখানে গাড়ি নিয়ন্ত্রণে রাখা খুব কষ্ট হয়ে দাঁড়ায়। এভাবে সাময়িক মেরামত না করে ভালোভাবে মেরামত করা প্রয়োজন।
ঈদ সামনে রেখে যানজটের কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি নিয়েছে টাঙ্গাইল পুলিশ বিভাগ। টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানান, এ ব্যাপারে সওজের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে।
সওজের টাঙ্গাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে মহাসড়কে ব্যাপক ক্ষতি হয়েছিল। দুই সপ্তাহ ধরে সেই ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করা হচ্ছে। ঈদ পর্যন্ত সড়ক বিভাগের কর্মীরা মাঠে থাকবে। সড়ক ক্ষতিগ্রস্ত হলে সঙ্গে সঙ্গে তা মেরামত করা হবে। বর্ষাকাল শেষ হলে স্থায়ীভাবে সংস্কারকাজ করা হবে।