
সেতুটির প্রায় অর্ধেক অংশই ভাঙা। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের সময় প্রথমে সেতুটির পূর্ব পাশের বেশ কিছু অংশ ভেঙে পানিতে ডুবে যায়। এরপর স্থানীয় ব্যক্তিরা বাঁশ ও সুপারিগাছ ফেলে চলাচলের জন্য সাময়িক ব্যবস্থা করেছিলেন। সেই থেকে এখন পর্যন্ত সেভাবেই আছে সেতুটি।
এমন চিত্র প্রায় ২৮ বছর ধরে সংস্কারহীন ঝালকাঠির টেকেরহাট-পোনাবালিয়া সংযোগ সেতুর। ভাঙা ও নড়বড়ে ওই সেতু দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হচ্ছে অসংখ্য মানুষ।
সদর উপজেলার ৭ নম্বর পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়ারেচ আলী খান বলেন, সেতুটি ১৯৮৭ সালে নির্মাণ করা হয়। এরপর আর সংস্কার না করায় এবং সিডরে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টিতে বাঁশ ও সুপারিগাছের অংশগুলো পচে যাচ্ছে। বিষয়টি ঝালকাঠি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে (এলজিইডি) জানানো হয়েছে।
সরেজমিনে ৯ সেপ্টেম্বর দেখা যায়, টেকেরহাট-পোনাবালিয়া সেতুটি ঝালকাঠি সদর উপজেলা ও নলছিটি উপজেলার সংযোগস্থলে অবস্থিত। সেতুর পূর্ব দিকে নলছিটি উপজেলা ও পশ্চিম দিকে সদর উপজেলা। প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্যের সেতুটির অর্ধেক অংশই ভাঙা। সেতুটির দুই পারে বাজার ও দুটি বিদ্যালয় আছে। প্রতিদিন কয়েক শ ছাত্রছাত্রীসহ বাজারে আসা লোকজন সেতুটি পার হচ্ছে।
টেকেরহাট বাজারের মুদিদোকানি নুরু মিয়া বলেন, সিডরের সময় সেতুটির পূর্ব দিকে থাকা একটি বটগাছ সেতুর ওপর ভেঙে পড়ে। এতে সেতুটির বড় একটি অংশ ভেঙে পানিতে ডুবে যায়।
৬৪ নম্বর হাজরাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল দাস বলেন, ‘আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকাংশের বাড়ি সেতুর ওপারে। এদের এপারে আসতে অনেক সমস্যা হয়।
কে এ খান মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিদ্যালয় ছুটি হওয়ার পর আমরা (শিক্ষক) শিক্ষার্থীদের সেতু পার করে দিই। কারণ, একসঙ্গে বেশিসংখ্যক মানুষ পার হলে সেতুটি কাঁপতে থাকে এবং ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে।’
টেকেরহাট বাজার কমিটির সভাপতি আবদুস সালাম বলেন, ‘সপ্তাহে দুই দিন রবি ও বৃহস্পতিবার হাট বসে। হাটের দিন প্রচুর মানুষ আসে। আমরা প্রায়ই বাঁশ ও সুপারিগাছ দিয়ে সেতুটির ভাঙা অংশ মেরামতের চেষ্টা করি। কিন্তু কিছুদিন পর তা আবার ভেঙে যায়।’ তাঁর অভিযোগ, কর্তৃপক্ষের কাছে বারবার বলা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আরিফউদ্দৌলা বলেন, টেকেরহাট-পোনাবালিয়া সংযোগ সেতুটির বিষয়ে জানা আছে। দ্রুত সরেজমিনে ঘুরে সেতুটি নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হবে।