জোড়-বিজোড়ে অটো নামবে রাজশাহীতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোড় তারিখে চলবে জোড় সংখ্যার গাড়ি, আর বিজোড় তারিখে বিজোড় সংখ্যার গাড়ি। মাত্রাতিরিক্ত দূষণ কমাতে ভারতের রাজধানী নয়াদিল্লি ও পাশের এলাকায় এই পদ্ধতিতে ব্যক্তিগত গাড়ি চালানোর বিধি চালু করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার রাজশাহীতে সেই পদ্ধতি অনুসরণের পরিকল্পনা করছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
নগরের যানজট নিরসনে দুই আসনের ব্যাটারিচালিত রিকশা বন্ধ এবং অটোরিকশার ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযিম রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে আলাপকালে এই পরিকল্পনার কথা জানান।
পরিকল্পনা অনুযায়ী, গাড়ির নম্বর প্লেটের শেষ সংখ্যা জোড় হলে সেগুলো মাসের জোড় দিনগুলোয় এবং বিজোড় হলে বাকি দিনগুলোতে চলবে।
ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতারা মেয়রকে তাঁদের দাবি-সংবলিত একটি স্মারকলিপি দেন। এতে নগরের ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনসহ বিভিন্ন দাবি জানানো হয়। জবাবে মেয়র বলেন, নগরের পরিবেশ উন্নয়নে সাহেব বাজার ও তালাইমারীতে আধুনিক কসাইখানা নির্মাণ করা হবে। দখলমুক্ত করা হবে ফুটপাত।
মেয়র আরও বলেন, নির্বিঘ্নে সাইকেল চালানোর জন্য ১০ কিলোমিটার সাইকেল লেন তৈরি করা হচ্ছে। বন্ধ করা হবে দুই আসনের ব্যাটারিচালিত রিকশা। এ ছাড়া অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে জোড় নম্বরের গাড়িগুলো এক দিন এবং বিজোড় নম্বরের গাড়িগুলো পরের দিন চলাচলের ব্যবস্থা করা হবে।
নগরবাসীর স্বার্থ-সংশ্লিষ্ট দাবিদাওয়া উত্থাপন করায় ব্যবসায়ী নেতাদের ধন্যবাদ জানিয়ে নিযাম উল আযিম বলেন, বাড়ির সেপটিক ট্যাংকের সঙ্গে নালার সংযোগ দিয়ে থাকলে অবিলম্বে তা বন্ধ করতে হবে। সংযোগ বিচ্ছিন্ন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ভাড়াটেদের তথ্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ির মালিকদের এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি শামসুদ্দিন, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি উপস্থিত ছিলেন।