জোয়ার ও নদীভাঙনের কবলে প্রকল্প এলাকা, উৎপাদন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলার চর বাঁশবাড়িয়ায় অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ বীজ বর্ধন খামারটি তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে পড়েছে। এরই মধ্যে খামারের বিশাল এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অপর দিকে বেড়িবাঁধ না থাকায় জোয়ারে খামারের প্রকল্পের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। এ কারণে বাধাগ্রস্ত হচ্ছে বীজ ও ফসল উৎপাদন।
প্রতিকূল জলবায়ু-সহিষ্ণু বীজ উৎপন্ন এবং দক্ষিণ উপকূলীয় এলাকার জন্য উপযোগী শস্যবীজ উৎপাদন করে কৃষকদের হাতে তুলে দেওয়ার জন্য ওই খামার স্থাপনের পরিকল্পনা নেয় সরকার। প্রাথমকিভাবে দশমিনা উপজেলার চর বাঁশবাড়িয়ায় সংযুক্ত তিনটি চরের এক হাজার ৪৪ একর জমি অধিগ্রহণে করা হয়। প্রথম পর্যায়ে প্রায় ২৪৫ কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়ে এ প্রকল্পের যাত্রা শুরু হয়। ২০১৩ সালের ১৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
খামার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সাগর তীরবর্তী জেলা পটুয়াখালীতে জলবায়ু-সহিষ্ণু বীজ উৎপাদনের লক্ষ্যে শুরুতে দুটি ট্রাক্টর দিয়ে প্রকল্প এলাকার ৩৮২ একর জমিতে উচ্চফলনশীল ধান ব্রি-৫২ চাষ করা হয়। তখন ২৮০ টন ফসল ও বীজ উৎপাদন করা হয়। তবে ধান বীজ উৎপাদন সন্তোষজনক হলেও বর্তমানে অন্যান্য রবি ফসলের ক্ষেত্রে ব্যাপকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। চরে বেড়িবাঁধ না থাকায় অমাবস্যা ও পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানি বেড়ে প্রকল্প এলাকা প্লাবিত হচ্ছে। এর ফলে বিভিন্ন রবি ফসলের চাষাবাদ ব্যাহত হচ্ছে।
দশমিনা খামারের উপপরিচালক মো. সাজেদুর রহমান বলেন, বর্তমানে তাঁরা জোয়ারের পানির সঙ্গে তাল মিলিয়ে চাষাবাদ করে বেশ কিছু ফসলে সফলতা পেয়েছেন। এর মধ্যে রয়েছে খরিফ-২ মৌসুমের ব্রি ধান-৫২ ও রবি মৌসুমের গম বারি-২৫, বারি-২৬, সূর্যমুখী, খেসাির ডাল। অল্প পরিমাণে অন্য ফসলের বীজের পরীক্ষামূলক চাষও অব্যাহত রয়েছে। জোয়ারের কারণে খেতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ফসল উৎপাদন ব্যাহত হওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, জোয়ারের কারণে সরিষা, মুগডাল, মুসুর ডাল এবং তিল জাতীয় ফসল চাষ ব্যাহত হচ্ছে। এ ছাড়া অন্য ফসল ও বীজ উৎপাদন সন্তোষজনক হয়নি। প্রকল্প এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করা হলে প্রকল্পের পুরো এলাকায় নির্বিঘ্ন সব ধরনের ফসলের চাষাবাদ সম্ভব হবে বলে জানান তিনি।
এদিকে প্রকল্পের উত্তর দিকে প্রকল্প এলাকার প্রায় ৬০ একর জমি এরই মধ্যে তেঁতুলিয়া নদীতে বিলীন হয়েছে। এ প্রসঙ্গে সাজেদুর রহমান বলেন, নদীভাঙন রোধ ও বেড়িবাঁধ নির্মাণের ব্যাপারে প্রকল্পের পরিচালককে অবহিত করা হয়েছে। এ ছাড়া প্রকল্প এলাকা সম্প্রসারণের জন্য এরই মধ্যে প্রকল্প এলাকার কাছাকাছি চর হাদিতে জমি অধিগ্রহণের প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে।