জোয়ার ও বৃষ্টির পানিতে নাকাল নগরবাসী

জোয়ারের পানির কারণে এমনিতেই কয়েক দিন ধরে দুর্ভোগের মধ্যে ছিল চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা। এর মধ্যে বৃষ্টি দুর্ভোগ আরও বাড়িয়েছে। টানা বৃষ্টিতে গতকাল মঙ্গলবার সকালে নগরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়।
মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে গত রোববার থেকে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল দুপুর ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৪৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ নিয়ে চলতি বর্ষা মৌসুমে অতিবৃষ্টি এবং জোয়ারের পানিতে অন্তত ১৪ দিন জলাবদ্ধতার কবলে পড়ে নগরবাসী।
গতকাল সকালে বৃষ্টিতে নগরের বাকলিয়া, পাথরঘাটা ও চাক্তাইয়ের কিছু অংশ, ষোলশহর ২ নম্বর গেট, মুরাদপুর, কাপাসগোলা, শুলকবহর, হালিশহর অ্যাকসেস সড়ক, চকবাজার ও সিডিএ আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে যায়। বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানিও ওঠে অনেক জায়গায়। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছায়।
বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নগরে যানবাহনসংকট দেখা দেয়। এ সময় সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার ভাড়া বাড়িয়ে দেন চালকেরা।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গতকাল বৃষ্টির সময় নগরের জিইসি মোড় থেকে আগ্রাবাদ যেতে তাঁকে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া দিতে হয়েছে ১০০ টাকা। স্বাভাবিক সময়ের ভাড়া ৬০ থেকে ৭০ টাকা।
বৃষ্টির পানিতে সকালে আগ্রাবাদ অ্যাকসেস সড়ক ও আশপাশের এলাকা তলিয়ে যায়। পানি ঢুকে পড়ে আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালেও। এতে রোগী ও স্বজনদের দুর্ভোগে পড়তে হয়।
হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন মো. জাফর বলেন, ‘আমি হালিশহর থেকে রোগী দেখতে এসে বিপদে পড়েছি। সকালে রিকশা করে হাসপাতালের কাছাকাছি এসে দেখি, চারদিকে পানি থইথই করছে। পরে কোনোরকমে হাসপাতালে পৌঁছাই।’
একইভাবে পাথরঘাটা ব্রিকফিল্ড সড়ক গতকাল সকালে পানিতে তলিয়ে যায়। এতে পাথরঘাটা মহিলা কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়। শিক্ষার্থীরা জানান, তিন দিন ধরে এখানে পানি উঠছে। জোয়ার ও বৃষ্টির কারণে এই দুরবস্থার সৃষ্টি হয়েছে।
এ ছাড়া গতকাল চকবাজারের বিভিন্ন দোকানে পানি ঢুকে পড়ে। রফিক নামে এক দোকানি জানান, বৃষ্টি হলেই এখানে পানি ওঠে। এতে অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যায়।
গতকাল দুপুর ১২টার পর বেশির ভাগ এলাকা থেকে পানি নেমে যায়। তবে শুলকবহর, হালিশহরসহ কয়েকটি এলাকায় সন্ধ্যা পর্যন্ত জলাবদ্ধতা ছিল। এদিকে বেলা তিনটার দিকে জোয়ারের পানিতে নগরের অনেক নিচু এলাকা তলিয়ে যায়।
বারবার জলাবদ্ধতা: চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে চট্টগ্রাম নগরে অন্তত ১৪ দিন জলাবদ্ধতা দেখা দেয়।
এই মৌসুমে চট্টগ্রামে প্রথম জলাবদ্ধতা দেখা দেয় ১১ জুন। মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার আগে গত ৬ এপ্রিল বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল নগরের বেশ কিছু এলাকা।
২৫ জুলাই থেকে চট্টগ্রামে টানা তিন দিন বৃষ্টিপাত হয়। এই তিন দিন বারবার নগরের নিচু এলাকা তলিয়ে যায়। ২৫ জুলাই ২৭৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ২৭ জুলাই বৃষ্টিপাত হয় ১৭৫ মিলিমিটার।
৩০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত নগরে আবার জলাবদ্ধতা দেখা দেয়। এ সময় জোয়ারের পানি যোগ হয়ে হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে যায় ভোগ্যপণ্যের প্রধান পাইকারি বাজার চাক্তাই ও খাতুনগঞ্জ।
১৮ আগস্ট থেকে আবারও তিন দিন বৃষ্টির কবলে পড়ে চট্টগ্রাম। এই তিন দিনই নগরের কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা ছিল।
৩ নম্বর সংকেত: পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে ঢাকা, সিলেট, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। অতি ভারী বৃষ্টির কারণে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও পাহাড়ধসের আশঙ্কা করা হয়েছে।