
বৃষ্টি ও জোয়ারের পানিতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় গতকাল রোববার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। মহেশ খালের ওপর নির্মিত বাঁধের পাইপ ও দরজা উন্মুক্ত থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন।
বৃহত্তর আগ্রাবাদ ও হালিশহর জলাবদ্ধতা নিরসন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম প্রথম আলোকে বলেন, মহেশ খালের ওপর বাঁধ দেওয়ার ফলে এলাকার জোয়ারজনিত জলাবদ্ধতার সমস্যা প্রায় দূর হয়ে যায়। কিন্তু সম্প্রতি একটি ঘটনার জের ধরে বাঁধের দরজা ও পাইপগুলো উন্মুক্ত করে দেয় বাঁধ নির্মাণকারী সংস্থা বন্দর কর্তৃপক্ষ। এতে কর্ণফুলী নদীর জোয়ারের পানি মহেশ খাল হয়ে এলাকায় চলে আসে। তিনি বলেন, জোয়ারের সময় যে গতিতে পানি প্রবেশ করেছে, সে গতিতে পানি নামেনি। ফলে এ মৌসুমে এলাকায় প্রথমবারের মতো জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, আগ্রাবাদ আবাসিক এলাকার ১, ১২, ১৬, ১৭, ২৬, ২৭, ২৮ ও ২৯ নম্বর সড়ক পানিতে তলিয়ে গেছে। এলাকার বাসিন্দাদের কেউ কেউ রিকশা করে সড়ক পার হন। আবার অনেকেই রিকশা না পেয়ে পানির মধ্যেই হেঁটে গন্তব্যে রওনা দেন।
২৮ নম্বর সড়কে প্যান্ট গুটিয়ে ও হাতে জুতা নিয়ে রাস্তা পার হচ্ছিলেন বেসরকারি চাকরিজীবী ফরিদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, অনেক দিন জোয়ারের সময় জলাবদ্ধতা হয়নি। কিন্তু আজ (রোববার) থেকে আবার এই দুর্ভোগ শুরু হলো।
২৯ নম্বর সড়কের মুখে মুরগির দোকান রয়েছে আবদুল মান্নানের। বেলা দেড়টায় কথা হয় তাঁর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘সকাল আটটা থেকে এলাকার নালা উপচে রাস্তাঘাটে পানি ওঠা শুরু হয়। এখন পানি নামতে শুরু করেছে। ঘণ্টা খানেক পর একেবারে নেমে যাবে।’
পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, গত শনিবার বেলা তিনটা থেকে রোববার বেলা তিনটা পর্যন্ত চট্টগ্রামে ৪৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ ছাড়া গত শনিবার রাত ১২টা ১১ মিনিটে এবং রোববার দুপুর ১২টা ২৬ মিনিটে জোয়ার হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর দিন এলাকাবাসী বাঁধ কেটে দেওয়ার জন্য বিক্ষোভ করেছিলেন। ওই সময় তাঁরা বাঁধে নিয়োজিত বন্দরের কর্মচারী ও নিরাপত্তারক্ষীদের মারধর করে। এই ঘটনার পর বাঁধের ১০টি পাইপ ও একটি দরজা খুলে দেওয়া হয়। আগে জোয়ারের সময় এগুলো বন্ধ রাখা হতো। ফলে আগ্রাবাদ এলাকায় এখন জোয়ারের পানি ঢুকতে পারত না।
২১ মে জোয়ারের পানিতে চট্টগ্রামের দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকা তলিয়ে যাওয়ায় ক্ষুব্ধ লোকজন ঘূর্ণিঝড়ের মধ্যেই নগরের মহেশ খালের ওপর নির্মিত অস্থায়ী বাঁধ কেটে ফেলার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।