জোয়ারাধার বাস্তবায়নে সেনাবাহিনীকে মাঠে নামানোর দাবি
যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিল কপালিয়ায় জোয়ারাধার (টাইডাল রিভার ম্যানেজমেন্ট—টিআরএম) বাস্তবায়নের দাবি জানানো হয়েছে৷ ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে গতকাল রোববার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়৷
সংবাদ সম্মেলনে বলা হয়, বিল কপালিয়ার জমি এখন কৃষকের হাতে নেই। একটি প্রভাবশালী মহল কম পয়সায় কৃষকের কাছ থেকে ইজারা নিয়ে মাছের ঘের করেছে। যে কারণে ঘের মালিকেরা ওই বিলে জোয়ারাধার চালু করতে বাধা দিয়ে আসছেন। এলাকার লোকজনকে তাঁরা জোয়ারাধার সম্পর্কে ভুল বুঝিয়ে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। এ জন্য সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রকল্প বাস্তবায়নে মাঠে নামতে গড়িমসি করছে।
কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, বর্ষা মৌসুমের আগেই বিল কপালিয়ায় জোয়ারাধার বাস্তবায়ন না হলে যশোর সদর, মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার অন্তত ৩৫০ গ্রাম জলাবদ্ধ হয়ে পড়বে৷ হাজার হাজার একর জমিতে ফসল হবে না। মানুষকে আবার বেড়িবাঁধ ও রাস্তায় খোলা আকাশের নিচে অবস্থান নিতে হবে। ভবদহ এলাকার ২০ লাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হবে। তিনি বলেন, দ্রুত এ প্রকল্প বাস্তবায়ন না হলে ভবদহ এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আগামী ৪ জুন জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
ইকবাল কবির জাহিদ বলেন, ভবদহ এলাকার জলাবদ্ধতা দূর করতে জোয়াধারের কোনো বিকল্প নেই। কিন্তু বিল কপালিয়ায় ক্ষতিপূরণ দিতে কৃষকদের সঙ্গে টালবাহানা করছে প্রশাসন ও পাউবো৷ এ সুযোগ কাজে লাগাচ্ছেন কিছু ঘেরমালিক এবং অর্পিত ও খাসজমির দখলদারেরা। তাঁরা কৃষকদের জোয়াধারের বিরুদ্ধে উসকে দিচ্ছেন। তাই কৃষকদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের সহজ শর্তে ক্ষতিপূরণ দিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করতে হবে৷
কমিটির সমন্বয়কারী বৈকুণ্ঠ বিহারী রায় বলেন, ‘স্থানীয় সাংসদ স্বপন ভট্টাচার্য ও সেনাবাহিনীর একজন মেজর সম্প্রতি মনিরামপুর উপজেলার নেহালপুর এলাকায় যান। সেখানে বিরোধী পক্ষের লোকজন বিল কপালিয়ায় জোয়ারাধার না করার দাবি জানান। এ জন্য সেনাবাহিনী পিছু হটছে কি না তা নিয়ে আমরা শঙ্কিত।’
সেনাবাহিনীর কাজের অগ্রগতির ব্যাপারে জানতে চাইলে পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ১৫ মে সেনাবাহিনীকে প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়েছে। তারা শিগ্গির প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করবে।
চলতি মাসের প্রথম সপ্তাহে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিল কপালিয়ায় জোয়ারাধার চালুর অনুমোদন দেওয়া হয়।