জোয়ারে তিন জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত
পূর্ণিমার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানির চাপে বরগুনার বিভিন্ন এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কমপক্ষে ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। ভোলার সাতটি উপজেলার ২৫টি ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রামের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
এদিকে জোয়ারের পানি ঢুকে পটুয়াখালী পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে স্থবির হয়ে পড়েছে এসব এলাকার জনজীবন। জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদের অস্বাভাবিক জোয়ারের পানির চাপে চাড়িপাড়া গ্রামের বিকল্প বন্যানিয়ন্ত্রণ বাঁধের আরও ১৭ মিটার ভেঙে গেছে। ফলে গতকাল রোববার সকালে প্লাবিত হয়েছে আরও ছয়টি গ্রাম। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা: গতকাল সকালে প্রবল জোয়ারের তোড়ে আমতলীর বালিয়াতলী এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধের ২৫ ফুট ধসে যায়। এতে আশপাশের তিনটি গ্রাম প্লাবিত হয়। শনিবার রাতে তেঁতুলবাড়িয়া এলাকার প্রায় ১০ মিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ নদীতে বিলীন হয়ে গেলে আশপাশের চারটি গ্রাম প্লাবিত হয়। তালতলী উপজেলায় বাঁধ ভেঙে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া সদর, বেতাগী এবং পাথরঘাটায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ নতুন করে ভেঙে যাওয়ায় এসব এলাকার কমপক্ষে ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
ভোলা: শুক্রবার থেকে জেলার ২৫টি ইউনিয়নের নিম্নাঞ্চলে পর্যায়ক্রমে জোয়ারের পানি ঢুকে পড়ায় প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাঁধ না থাকায় ঢালচর ইউনিয়নের পুরো এলাকা পানির নিচে রয়েছে। পাউবোর ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম বলেন, জোয়ারের পানির উচ্চতা বিপৎসীমা অতিক্রম করায় বেড়িবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, ‘জোয়ার-জলোচ্ছ্বাসে পানিবন্দী থাকার বিষয়টি স্থায়ী হলে আমরা খাবার পৌঁছাব।’
পটুয়াখালী: গত দুই দিন ধরে জোয়ারের সময় শহরের বিভিন্ন বাণিজ্যিক এলাকার রাস্তাঘাট প্লাবিত হচ্ছে। ফলে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। চরম দুর্ভোগ পোহাচ্ছে পৌরবাসী। তাদের দাবির পরিপ্রেক্ষিতে শহররক্ষা বাঁধ নির্মাণ করা হলেও পৌরবাসী জলাবদ্ধতার ভোগান্তি থেকে রেহাই পায়নি। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হালিম বলেন, বাঁধের আউটলেটের গেট না থাকায় জোয়ারের পানি শহরের ভেতরে ঢুকে পড়ছে। এ ছাড়া পৌরসভার নালার সঙ্গে পাউবোর নির্মিত জলকপাট এবং ইনলেট-আউটলেটের গেটগুলোর সামঞ্জস্য নেই। ফলে পানি নেমে যেতে পারছে না। পাউবোর পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শফিউদ্দিন বলেন, ‘দুই-একটি ইনলেটের গেট দিয়ে পানি উঠছে বলে খবর পেয়েছি। ত্রুটিগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।’
কলাপাড়া (পটুয়াখালী): শনিবার সকালে রাবনাবাদ নদের জোয়ারের পানির চাপে কলাপাড়া উপজেলার চাড়িপাড়া বিকল্প বাঁধের মাঝামাঝি অংশ থেকে কমপক্ষে আড়াই শ ফুট ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়। রোববার সকালে জোয়ারের চাপে বাঁধের ওই ভাঙা অংশ থেকে উত্তর দিকে আরও ১৭ মিটার ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভালো অংশের ওপর আশ্রয় নিয়েছে। কলাপাড়ার ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আসলে ওই এলাকার অবস্থা খুবই খারাপ। আমরা ক্ষয়ক্ষতির একটা বিবরণ তৈরি করছি।’ অন্যদিকে, সাগর মোহনার মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামে বন্যানিয়ন্ত্রণ বাঁধটির অন্তত পাঁচটি স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।