জোয়ারে দুই শতাধিক গ্রাম প্লাবিত

অমাবস্যার প্রভাবে সৃষ্ট অধিক উচ্চতার জোয়ারে দক্ষিণাঞ্চলীয় উপকূলের বরগুনা, পটুয়াখালীর, পিরোজপুর ও ভোলার ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। বরগুনার তালতলী ও পটুয়াখালীর বাউফলে পানির তোড়ে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা: জেলার ছয়টি উপজেলার ৪৫টি গ্রাম জোয়ারের পানিতে ভাসছে। এতে জেলার প্রায় ৫০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। জেলার নদ-নদীগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
বরগুনার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গতকাল শুক্রবার জেলার বিষখালী নদীতে জোয়ারের উচ্চতা ছিল ৩ দশমিক ২১ মিটার, যা বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকার দুলাল মিয়া বলেন, গত মে মাসে প্রবল জোয়ারের চাপে তেঁতুলবাড়িয়া এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধটির ৬০ থেকে ৭০ ফুট এলাকা পায়রা নদে বিলীন হয়ে যাওয়ার পর সেটি আর মেরামত করা হয়নি। ফলে তেঁতুলবাড়িয়া, নিশানবাড়িয়া, জয়ালভাঙাসহ আশপাশের কয়েকটি গ্রামের ঘরদোর পানিতে প্লাবিত হয়ে পড়েছে।
বেতাগীর সরিষামুড়ি ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন বলেন, প্রবল জোয়ারের তোড়ে আলীয়াবাদ, ভোড়া, কালিকাবাড়ি এলাকার বাঁধের কয়েকটি স্থান বিলীন হয়ে যাওয়ায় অন্তত চারটি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া সদরের গোলবুনিয়া এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধটি মারাত্মক হুমকির মুখে থাকায় আশপাশের অন্তত ১১টি গ্রামের মানুষ তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছে।
পিরোজপুর: জেলার সাতটি উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছে লক্ষাধিক মানুষ। জেলার মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও জিয়ানগর উপজেলায় ৮১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে বাড়িঘর প্লাবিত হয়েছে। মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পানের বরজ ও গ্রীষ্মকালীন সবজি।
পাউবোর পিরোজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহম্মদ বলেন, গতকাল শুক্রবার দুপুরে কচা নদীর জোয়ারের উচ্চতা ছিল বিপৎসীমার ২ দশমিক ৫০ মিটার ও বলেশ্বর নদের জোয়ারের উচ্চতা ছিল ২ দশমিক ৬৬ মিটার ওপরে।
বাউফল (পটুয়াখালী): উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়ন তিন দিন ধরে পানিতে ভাসছে। তীব্র স্রোতের ওই ইউনিয়নের ১৫ কিলোমিটার বেড়িবাঁধের প্রায় সাত কিলোমিটার ভেঙে গেছে। এতে অভ্যন্তরীণ প্রায় পাঁচ কিলোমিটার সড়ক বিলীন হয়ে গেছে। আট শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি ভাসিয়ে নিয়ে গেছে সাড়ে চার শতাধিক পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে ওই ইউপির কয়েক হাজার মানুষ ও গবাদিপশু। বাড়ি ছাড়ছেন ওই ইউনিয়নের শতাধিক পরিবার।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহামুদ জামান বলেন, নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের পাশাপাশি, উপজেলার চর মমিনপুর, চরবাসুদেবপাশা এবং চর পাকডাল এলাকার মানুষ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ওই সব এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, চাষাবাদ ও গবাদিপশু রক্ষার্থে শিগগিরই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের ব্যাপারে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
ভোলা: ভোলার ২১টি ইউনিয়নের ৪০টি গ্রামের ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভোলা সদর উপজেলার রাজাপুর, পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা, ভেদুরিয়া, ভেলুমিয়া ও কাচিয়া ইউনিয়নের ৩৫ হাজার মানুষ, দৌলতখান উপজেলার মদনপুর, হাজীপুর, মেদুয়া ও সৈয়দপুর ইউনিয়নের পাঁচ হাজার মানুষ, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া, বড়মানিকা ইউনিয়নের দুই হাজার মানুষ, তজুমদ্দিন উপজেলার চাঁদপুর, সোনাপুর, মলংচড়া ইউনিয়নের ২৩ হাজার, মনপুরা উপজেলার মনপুরা, উত্তর সাকুচিয়া, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন চরাঞ্চলের চার হাজার এবং চরফ্যাশন উপজেলার ঢালচর, কুকরিমুকরি, মুজিবনগর ইউনিয়নের আট হাজার মানুষসহ ৬০ হাজার মানুষ গত চার দিন ধরে পানিতে ভাসছে।
ভোলা পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার বলেন, জোয়ারের মাত্রা শুক্রবারেও অস্বাভাবিক বেড়েছে, যা বিপৎসীমার অনেক বেশি। বৃহস্পতিবার জোয়ারের উচ্চতা বিপৎসীমার সাড়ে তিন মিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও গতকাল চার মিটার ছাড়িয়ে গেছে।