জোয়ারে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বরগুনার ২০ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমাবস্যার প্রভাবে সৃষ্ট অধিক উচ্চতার জোয়ারে বরগুনার বিভিন্ন এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এতে জেলার অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, তীব্র জোয়ারের চাপে পাথরঘাটা উপজেলার পদ্মা, রূহিতা, জিনতলার এলাকার বাঁধ বেশ কয়েক স্থানে ভেঙে গেছে। এতে পদ্মা, রূহিতা, জিনতলা, বাদুরতলা, কোড়ালিয়া, নিজ লাঠিমারা, ছোট টেংরা, গাববাড়িয়া গ্রাম প্লাবিত হয়েছে।
এ ছাড়া বেতাগী উপজেলায় ক্ষতিগ্রস্ত বন্যানিয়ন্ত্রণ বাঁধ মেরামত না হওয়ায় ঝোপখালী, ভোলানাথপুর, জগাইখালী, কালিকাবাড়ি, গাবতলী, আলিয়াবাদ, জোয়ার করুনা, গেরামর্দন গ্রামে জোয়ারের পানি ঢুকে ঘরদোর প্লাবিত হয়েছে। চার দিন ধরে শুরু হওয়া অধিক উচ্চতার জোয়ারের কারণে তালতলী উপজেলার খোট্টারচর, নলবুনিয়ারচর, আশারচর, তেতুঁলবাড়িয়ারচর প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরগুনা কার্যালয়ের পানি পরিমাপকারী শাখার কর্মকর্তারা জানান, গত সোমবার থেকে অমাবস্যার কারণে জেলার নদ-নদীতে অধিক উচ্চতার জোয়ার শুরু হয়। গতকাল শুক্রবারও তা অব্যাহত ছিল।
পাউবোর নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম বলেন, পদ্মা, রূহিতা এলাকার বেশ কয়েকটি স্থানে বাঁধ ভেঙে গেছে। কিছু এলাকায় ভাঙা বাঁধ সংস্কার না হওয়ায় সেসব স্থান দিয়ে পানি লোকালয়ে ঢুকে পড়ছে।
এস এম শহিদুল ইসলাম জানান, পরিস্থিতি মোকাবিলায় পদ্মা, রূহিতা ও জিনতলা এলাকার বাঁধ মেরামতের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। পানি কমে এলে কাজ শুরু করা হবে।
জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত বাঁধগুলো স্থায়ীভাবে মেরামতের জন্য পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দিয়েছি।’