জোয়ারে বাঁধে, ভাটায় ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোয়ারের পানিতে বাঁধ ভেঙে যাওয়ায় সাড়ে তিন মাস ধরে ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২০ হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছে। ভাঙনের শিকার হয়েছে ৭০০ পরিবার। বিলীন হয়েছে ৬০০ একর জমি।
দৌলতখান উপজেলা ভূমি কার্যালয়ের তথ্যমতে, সৈয়দপুর ইউনিয়নে পাঁচটি মৌজা। গত পাঁচ বছরে উত্তর ও দক্ষিণ সৈয়দপুর এবং বড় লামছিধলী মৌজার প্রায় ১০ হাজার একর জমি মেঘনায় বিলীন হয়। বাকি চরশুভী ও ছোট লামছিধলী মৌজাও ভাঙনকবলিত। সব মিলিয়ে ওই সব এলাকার এক হাজার ৬০০ একর জমি বিলীন হয়ে গেছে।
সম্প্রতি সরেজমিনে সৈয়দপুর ইউনিয়নে দেখা যায় ২, ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড প্রতিদিন জোয়ারের পানিতে ১২ ঘণ্টা প্লাবিত থাকছে। গত ১২ জুলাই দৌলতখান শহররক্ষা বাঁধ ভেঙে এ ইউনিয়নে পানি ঢোকে। তারপর আর তা সংস্কার করা হয়নি। পরে অতিরিক্ত পানির কারণে পাউবো ২০ হাজার পরিবারকে বাদ রেখে সরু বাঁধ নির্মাণ করে দেয়। সহায়সম্বলহীন মানুষেরা জোয়ার শুরু হলে বাঁধে উঠে যায়। নেমে গেলে আবার ঘরে ফেরে। অনেকে ঘরের চৌকিটি রশি দিয়ে ঘরের চালের বাঁশের সঙ্গে ঝুলিয়ে রেখেছেন। চৌকির পায়ার নিচে দিয়েছেন ইট। ওই চৌকির উপরই মাটির আলোচুলা (ফ্লেক্সিবল উনুন) বসিয়ে রান্না চলে। এক বেলা রান্না করে চলে তিন বেলা খাওয়া। এসব পরিবারের নির্ধারিত কোনো শৌচাগার নেই।
ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মেজবাহ উদ্দিন বলেন, গত সাড়ে তিন মাসে ৭০০ পরিবার ভাঙনের শিকার হয়েছে। ভাঙনকবলিত পরিবারের মধ্যে যাঁদের টাকা আছে তাঁরা অন্যত্র বাড়ি কিনে চলে গেছেন। আর যাঁদের নেই তাঁরা বাঁধের ওপর, নয়তো অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, অস্বাভাবিক জোয়ারে বাঁধ নির্মাণ করতে না করতেই ভেঙে গেছে। ২০১৪-১৫ অর্থবছরে দৌলতখান থেকে বোরহানউদ্দিন পর্যন্ত ১৩ কিলোমিটার বাঁধ নির্মাণ হয়। পাউবো-১ থেকে ৩০ কোটি টাকার কাজ করা হয়েছে। কিন্তু মন্ত্রণালয় মাত্র ছয় কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ঠিকাদার এখন বাকিতে আর কাজ করতে না চাওয়ার কারণে সময়মতো কাজ শেষ হচ্ছে না।
ভাঙনকবলিত ব্যক্তিদের ভাষ্য, বাঁধে আশ্রয় নেওয়া ও জোয়ারে প্লাবিত মানুষের অধিকাংশই জেলে। জালে মাছ পড়লে এদের পেটে ভাত জোটে, মাছ না পড়লে ভাত জোটে না।
ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গুপ্তগঞ্জ বাজারের পাশ থেকে ইউনুস মিয়া তাঁর ভাঙা ঘরের আসবাব এনে রেখেছেন নতুন অসম্পূর্ণ বাঁধের ওপর। সরু বাঁধেই দুটি চাল একত্র করে তার নিচে রাত কাটাচ্ছেন। তিনি বলেন, ‘গর বাইঙ্গা বান্দে উডাইছি, আকাশে ম্যাগ না থাইকলে গুমাই, আর বিষ্টি অইলে হেই রাইতে গুম শ্যাষ।’
বাঁধের ওপর আশ্রয় নেওয়া ফারুক মাঝি বলেন, ‘আঁরা আরও কষ্ট-কেলাশ সইয়্যুম, আমগোরে চাউল-গম দেওন লাইগদো নো, আঙগোরে এট্টু আসরোয় দেওন যাইবোনি জিগাইয়েন আমনেগো ডিসি-এসপিরে।’
ভোলা জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, ‘ভাঙনকবলিত ও পানিবন্দিদের তালিকা করা হচ্ছে। আমরা নিজ নিজ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাচ্ছি। এ ছাড়া বিভিন্ন সময়ে জিআর চাল বিতরণ হয়েছে।’
প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে চলতি বছর জানুয়ারির শেষে নেদারল্যান্ডসের ওরিও প্রকল্পের একটি দল ভোলার ভাঙনকবলিত এলাকা সরেজমিনে জরিপ করেছে। তারা আগামী ডিসেম্বরে জরিপ প্রতিবেদন জমা দিলে দরপত্র আহ্বান করা হবে।