জোয়ারে ভাসছে ১০ হাজার ঘরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে ভাসছে কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ উপজেলার ৮৮ গ্রামের অন্তত ১০ হাজার ঘরবাড়ি। জোয়ারে তিন শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গৃহহীন হয়েছে দেড় হাজার মানুষ। এসব মানুষ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে অবস্থান নিলেও খাবার ও পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে।
দেখা গেছে, মহেশখালী পৌরসভার ডাকবাংলোপাড়া, চরপাড়া, মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট, সাইরারডেইল, ধলঘাটা ইউনিয়নের বেগুনবুনিয়া, পানিরছড়া, পণ্ডিতডেইল, সরইতলা, সুতরিয়া, সাপমারার ডেইল, বনজামিরা, মুহুরিঘোনাসহ অন্তত ৩০টি গ্রামের প্রায় পাঁচ হাজার ঘরবাড়ি জোয়ারের পানিতে ভাসছে।
ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, গত চার দিনের জোয়ারে সম্প্রতি নির্মিত ১৬ লাখ টাকার একটি বাঁধ ভেঙে প্রায় দুই হাজার ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। এলাকার আরও ১২ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকির মুখে রয়েছে। আমাদের মহেশখালী প্রতিনিধি জানান, জোয়ারের ধাক্কায় গত চার দিনে ধলঘাটার ৪৫টি ঘর বিলীন হয়েছে। কোমর সমান পানির নিচে ডুবে রয়েছে আরও সাত শতাধিক ঘরবাড়ি। রান্নাবান্না বন্ধ থাকায় লোকজন না খেয়ে থাকছে। মাতারবাড়ি ইউনিয়নের রাজঘাট গ্রামেও শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে।
মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসের বলেন, ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে খাবার বিতরণের চেষ্টা চলছে।
কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, জোয়ারের পানিতে উপজেলার ছয়টি ইউনিয়নের ৩৭টি গ্রামের অন্তত তিন হাজার ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। গৃহহীন এক হাজারের বেশি পরিবার অনাহারে-অর্ধাহারে থাকছে। কক্সবাজার পৌরসভার কাউন্সিলর আকতার কামাল বলেন, জোয়ারের পানিতে শহরের নাজিরারটেক, কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া, ফদনারডেইল, নুনিয়াছটাসহ সাত গ্রামের অন্তত ৫০০ ঘরবাড়ি জোয়ারে ভাসছে। সেখানে খাবার ও পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে।