জোয়ারে শ্রীহীন হচ্ছে কুয়াকাটা

প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ ও জনপ্রিয় পর্যটন এলাকা পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত সাগরের অস্বাভাবিক জোয়ারে এখন তছনছ। ভরা পূর্ণিমার প্রভাবে সৃষ্ট এ জোয়ারের প্রবল স্রোতে সৈকত লাগোয়া নয়নাভিরাম জাতীয় উদ্যান, পশ্চিমের লেম্বুর চর, গঙ্গামতি সংরক্ষিত বন ও খাজুরার বিনোদন স্থানসমূহ হয়ে পড়েছে শ্রীহীন।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সমুদ্রসৈকতে যাওয়ার প্রধান সড়কের দক্ষিণ পাশ থেকে অন্তত ২০ ফুট স্থান সাগরগর্ভে বিলীন হয়ে গেছে। তা ছাড়া জোয়ারের স্রোতে সড়কসংলগ্ন ও সৈকত ঘেঁষা ‘নারকেলবাগানের’ নারকেল, সুপারি, আমলকী, মেহগনি, রেইনট্রিসহ অনেক গাছ উপড়ে পড়ে আছে। এখান থেকে হেঁটে পূর্ব দিকে এগোলে চোখে পড়ে কুয়াকাটা জাতীয় উদ্যানের বেহাল চিত্রও। জাতীয় এ উদ্যানের অনেক ঝাউগাছের কোনোটা আংশিক, কোনোটা সম্পূর্ণ উপড়ে পড়ে আছে মাটিতে। যেসব গাছ এখনো মাটিতে দাঁড়িয়ে আছে, সেগুলোরও অধিকাংশের গোড়া থেকে মাটি সরে গেছে। বের হয়েছে শিকড় ও গাছের মূল। উপড়ে পড়ে আছে উদ্যানের সৈকত এলাকায় পর্যটকদের বসার বেঞ্চ ও ছাতা।
সরেজমিনে আরও দেখা যায়, বিগত চার দিনে সাগরের ফুঁসে ওঠা জোয়ারে সৈকতে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। ১৮ কিলোমিটার দীর্ঘ সৈকতের কোথাও ৫০ মিটার, কোথাও বা ৩০-৪০ মিটার জায়গা দেবে গেছে। স্রোতের তোড়ে পুরো সৈকতই এখন এবড়োখেবড়ো হয়ে আছে।
এ অবস্থা এবারই শুধু দেখা দিয়েছে তা-ই নয়, কয়েক বছর ধরেই চলছে সৈকতে ভাঙনের খেলা। এতে সৈকতের পরিধি হয়ে যাচ্ছে সংকুচিত।
স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত চার দিনে আট দফা জোয়ারে সৈকতের অন্তত এক শ ফুট স্থান সাগরে বিলীন হয়ে গেছে। ভাঙনঝুঁকিতে রয়েছে মসজিদ, মন্দির, দোকানসহ শতাধিক ছোট-বড় ধর্মীয় ও ব্যবসাপ্রতিষ্ঠান। ক্রমেই ঝুঁকিতে পড়ছে খাজুরা, মাঝিবাড়ি, মিরাবাড়ি পয়েন্টের বন্যানিয়ন্ত্রণ বাঁধ।
সাগরের ভাঙনের এমন ভয়াবহতায় উদ্বিগ্ন কুয়াকাটার বাসিন্দারা। আব্বাস উদ্দিন আকন নামের একজন জেলে বলেন, ‘১০-১৫ বছর আগেও সৈকত কত্ত চওড়া আছেলে। আর অ্যাহন হেই সৈকত ভাঙতে ভাঙতে ছোড অইয়া যাইতেছে।’
ব্যবসায়ী মো. আবু সালেহ বলেন, ‘সাগর যেন কুয়াকাটাকে গিলে-গিলে খাচ্ছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে আগামী তিন-চার বছরের মধ্যে কুয়াকাটার মূল বাঁধই ভাঙনের কবলে পড়বে।’
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা সৈয়দ এমদাদুল হক বলেন, এ কয় দিনে সৈকত ঘেঁষা অন্তত এক শ ঝাউগাছ উপড়ে গেছে।
কুয়াকাটা উন্নয়ন ফোরামের আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘সৈকত রক্ষায় এখনই যথাযথ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। তা না হলে সৌন্দর্য্যমণ্ডিত এ স্থান ক্রমেই আরও ধ্বংসের মুখে পতিত হবে।’
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কুয়াকাটা সার্কেলের উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মো. শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি সৈকতের বিধ্বস্ত অবস্থা দেখে এসেছি। ভাঙনের তীব্রতা দেখে বিস্মিত হয়েছি। বিশ্বব্যাংকের নদী সংরক্ষণ ও শহররক্ষা পঞ্চম দফা নতুন প্রকল্পের মাধ্যমে সৈকতকে রক্ষার পরিকল্পনা করা হচ্ছে। বর্ষা মৌসুম শেষ হলে এ কাজ শুরু করা হবে।’