জোয়ারের চাপে বাঁধে ভাঙন, পানিবন্দী মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় জোয়ারের পানির চাপে জিনতলা ও পরীঘাটা বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এবং ভারী বৃষ্টিতে ফসলি জমিসহ লোকালয় তলিয়ে গেছে। এতে এক সপ্তাহ ধরে জিনতলা, পরীঘাটাসহ ছয় গ্রামের অন্তত ১১ হাজার মানুষ পানিবন্দী রয়েছে।
পানি বেড়ে যাওয়ায় সৃজিত হরিণঘাটা ও বাইনচটকি মাঝের চর বনের হরিণ, সাপ, শূকরসহ বন্য প্রাণীরা বিপাকে পড়েছে। এই অবস্থায় বন থেকে ভেসে আসা একটি হরিণসহ ১৭টি সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ ও জেলেরা।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের বনকর্মী ইউসুফ হাওলাদার বলেন, ‘আমরা সার্বক্ষণিক বনের কাছাকাছি থেকে বন্য প্রাণীদের দেখভালের দায়িত্বে রয়েছি। তবে জনবল খুবই কম। ৭ আগস্ট স্থানীয় মানুষের সহযোগিতায় উদ্ধার করা একটি হরিণ এবং ১৭টি সাপ উঁচু স্থান দেখে বনে ছেড়ে দেওয়া হয়েছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল বলেন, জিনতলা বেড়িবাঁধ ভেঙে জোয়ার ও ভারী বৃষ্টির পানিতে ফসলি জমিসহ লোকালয় তলিয়ে গেছে। এতে ৩০ হেক্টর আমনের বীজতলা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বেশির ভাগ কৃষকের বীজতলা ভেসে যাওয়ায় তাঁদের দ্বিতীয়বারের মতো আমনের বীজতলা তৈরি করতে হচ্ছে। অনেকের দুবার বীজতলা নষ্ট এবং ভেসে যাওয়ার তৃতীয়বারের মতো বীজতলা করতে হবে। এ সময় একাধারে বৃষ্টি বীজতলা তৈরি ও রোপণের জন্য ক্ষতিকর।
জিনতলা বেড়িবাঁধ এলাকার জয়নব বিবি ও বেলায়েত হোসেন বলেন, বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে লোকালয় তলিয়ে গেছে। এতে বাঁধের একাংশে শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। এক সপ্তাহ ধরে ওই বাঁধে আশ্রয় নিলেও চুলায় রান্নার ব্যবস্থা করা যাচ্ছে না।
পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান গতকাল বুধবার বলেন, আজ চরলাঠিমারা ও বাদুরতলা গ্রামের ১ হাজার ১০০ পরিবারের মাঝে ২৫ কেজি করে সাড়ে ২৭ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। এ ছাড়া পাঁচ দিন ধরে উপজেলা প্রশাসন, বেসরকারি সংস্থা ও উপজেলা ছাত্রলীগ পৃথকভাবে শুকনা খাবার বিতরণ করেছে। জিনতলা, হরিণঘাটা, চরলাঠিমারা, বাদুরতলাসহ চার গ্রামের প্রায় সাত হাজার মানুষ পানিবন্দী রয়েছে।
কাঁঠালতলী ইউনিয়নের পরীঘাটা গ্রামের বিশ্বজিৎ হালদার ও নূপুর রানী বলেন, পরীঘাটা বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানির চাপে ও ভারী বৃষ্টিতে লোকালয় তলিয়ে গেছে। এতে পরীঘাটা ও পশ্চিম কাঁঠালতলী গ্রামের প্রায় চার হাজার মানুষ পানিবন্দী রয়েছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, ‘ঘরবাড়ি জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় অনেকেই বাঁধে আশ্রয় নিয়েছেন। আমরা শুকনা খাবারসহ চাল বিতরণ করেছি। তবে পানি কিছুটা আগের চেয়ে কম।’