জোয়ারের জলাবদ্ধতা দূর হবে বাঁধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোয়ারের পানি থেকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ, হালিশহরসহ আশপাশের এলাকা রক্ষায় মহেশ খালের ওপর বাঁধ নির্মাণের কাজ শেষ হয়েছে। ছবিটি গতকাল বন্দর রিপাবলিক ক্লাবের সামনে থেকে তোলা l সৌরভ দাশ
জোয়ারের পানি থেকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ, হালিশহরসহ আশপাশের এলাকা রক্ষায় মহেশ খালের ওপর বাঁধ নির্মাণের কাজ শেষ হয়েছে। ছবিটি গতকাল বন্দর রিপাবলিক ক্লাবের সামনে থেকে তোলা l সৌরভ দাশ

বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ভোগান্তি তো রয়েছেই। বর্ষা শেষ হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মেলে না চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও হালিশহর এলাকার প্রায় আট লাখ মানুষের। তাদের ভোগান্তি দূর করতে মহেশ খালের ওপর সাময়িক বাঁধ নির্মাণের কাজ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় দুই কোটি টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণ করছে। কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত মহেশ খালের অনেক অংশ ভরাট ও দখল হয়ে গেছে। যে কারণে সাগরের জোয়ারের পানি কর্ণফুলী নদীর মাধ্যমে খালে আসার পর তা উপচে আগ্রাবাদ-হালিশহরসহ আশপাশের এলাকা তলিয়ে যায়।
গত ২ সেপ্টেম্বর মহেশ খালের ওপর বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তবে নির্মাণকাজ শুরুর পর স্থানীয়ভাবে দুটি পক্ষ তৈরি হয়। আগ্রাবাদ ও উত্তর হালিশহর এলাকার বাসিন্দারা স্বাগত জানালেও বিরোধিতা করেন উত্তর মধ্যম হালিশহর এবং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের বাসিন্দারা।
আগ্রাবাদ ও উত্তর হালিশহর এলাকার বাসিন্দাদের গঠিত সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক মুসা আল নুরী বলেন, সাময়িক বাঁধ দেওয়ার ফলে কিছু এলাকা সুবিধা পেলেও অন্য এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়বেন।
আগ্রাবাদ-হালিশহর জলাবদ্ধতা নিরসন কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল আলম বলেন, এখন জোয়ারের পানিতে এলাকা তলিয়ে যাবে না। এতে প্রায় আট লাখ মানুষের স্বস্তি হবে।