জোয়ারের পানি নামার পর ফুটে উঠল সড়কের করুণ চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোয়ারের পানিতে ভেঙে গেছে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ এলাকার কালভার্টটি। এতে বিপাকে পড়েছে ওই এলাকার বাসিন্দারা। ছবিটি গত শনিবার তোলা l প্রথম আলো
জোয়ারের পানিতে ভেঙে গেছে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ এলাকার কালভার্টটি। এতে বিপাকে পড়েছে ওই এলাকার বাসিন্দারা। ছবিটি গত শনিবার তোলা l প্রথম আলো

জোয়ার ও বৃষ্টির পানিতে প্রায় এক সপ্তাহ জলাবদ্ধ থাকার পর চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বিভিন্ন সড়কের করুণ চিত্র ফুটে উঠেছে। পানির তোড়ে ভেঙে গেছে কালভার্ট। সড়ক ও অলিগলিতে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা।
সড়কের হাল এমন হয়েছে যে হাঁটাই মুশকিল হয়ে পড়েছে। বড় বড় গর্তে পড়ে বিকল হচ্ছে বিভিন্ন যানবাহন। দিন দিন আরও বেহাল হচ্ছে সড়কগুলো।
জানা গেছে, গেল পূর্ণিমা থেকে আগ্রাবাদ সিডিএ, গোসাইলডাঙ্গা, হালিশহর ও আশপাশের এলাকায় জোয়ারের পানি উঠতে থাকে। জোয়ারের পাশাপাশি বৃষ্টিতে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করে। প্রায় এক সপ্তাহ প্রতিদিন নিয়ম করে দুবার পানি উঠত।
গত রোববার সর্বশেষ এখানে জোয়ারের পানি ওঠে। সপ্তাহজুড়ে পানির মধ্যেই চলেছে রিকশা ও অটোরিকশাসহ অন্যান্য যানবাহন। পানি নেমে যাওয়ার পর দেখা যায় সড়কে বড় বড় খানাখন্দ।
বৃহস্পতিবার জোয়ারের পানিতে ব্যাংক কলোনির সামনের সড়কের কালভার্টের অর্ধেক ভেঙে যায়। ফলে ওই সড়ক দিয়ে চলাচল এখন দুরূহ হয়ে পড়েছে। ওই সড়ক ধরে সিডিএ আবাসিক এলাকায় যেতে হয়।
স্থানীয় বাসিন্দা মো. নাসিম বলেন, জোয়ারের পানি আসার আগে সড়ক কিছুটা ভাঙাচোরা ছিল। এক সপ্তাহের পানিতে এখন ওই ভাঙাচোরা সড়ক গর্তে পরিণত হয়েছে। চলতে-ফিরতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, আগ্রাবাদ ব্যাংক কলোনির সামনের সড়কে বড় বড় গর্ত। এ ছাড়া সিডিএ আবাসিক এলাকার ২৩ নম্বর, ২১ নম্বর, ২৫ নম্বর, ৮ নম্বর, ২২ নম্বরসহ বিভিন্ন সড়কে খানাখন্দ।
স্থানীয় লোকজন বলেন, বেহাল সড়কে রিকশা ও অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল করতে সমস্যা হয়। এই ভাঙা সড়ক দিয়ে রিকশা-অটোরিকশা যেতে চায় না।
দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সেকান্দর বলেন, ‘জোয়ারের পানির কারণে আমরা দুর্বিষহ অবস্থায় আছি। এক সপ্তাহ ধরে এখানে পানি ছিল। এখন ভালো সড়ক বলতে কিছু নেই। সব সড়কের অবস্থা করুণ। কালভার্টটি ভেঙে যাওয়ায় লোকজনের সমস্যা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘কালভার্টের মেরামতকাজ দু-এক দিনের মধ্যে শুরু হবে। এ ছাড়া, সড়কগুলো সাময়িকভাবে মেরামত করা হবে। বর্ষা শেষে স্থায়ী মেরামতকাজে হাত দেওয়া হবে।’