‘জোয়ারে আমগো খ্যাতের সব ভাসাই লই গেছে। আমগো অ্যাহন ভাত খাইত দায় পরি গেছে। দায়দ্যানা করি কোনোরুম চাউল কিনি।’ কথাগুলো বলছিলেন ভোলার চরফ্যাশন উপজেলার আবুগঞ্জ গ্রামের কৃষক আজিজুল হক মিস্ত্রি (৫৪)।
আজিজুলের মতো অবস্থা ভোলার চরফ্যাশন উপজেলার অর্ধশতাধিক গ্রামের প্রায় ২৫ হাজার কৃষকের। গত ১২ জুলাই থেকে উপজেলার চর মাদ্রাজ সামরাজ জলকপাট থেকে বেতুয়া জলকপাট পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলাকার বেড়িবাঁধ ভেঙে ঢুকে পড়ে অস্বাভাবিক জোয়ারের পানি। সেই পানি ঢোকা এখনো অব্যাহত আছে। জোয়ারে উপজেলার চর কুকরি-মুকরি, ঢালচর, মুজিবনগর, নজরুলনগর, আসলামপুর, চর মাদ্রাজ ও হাজারীগঞ্জ ইউনিয়নের প্রায় ২০ হাজার পুকুরের মাছ ভেসে গেছে।
চরফ্যাশন উপজেলা আদর্শ চাষি উন্নয়ন সমিতির সভাপতি মো. ফারুক হোসেন বলেন, উপজেলা থেকে ১২ মাস বিভিন্ন রকমের সবজি ট্রাকে ট্রাকে জেলার বাইরে যাচ্ছে। অস্বাভাবিক জোয়ারে কৃষকেরা বারবার ক্ষতির শিকার হচ্ছেন। উপজেলার ২৫ হাজার কৃষক পরিবারের ২০০-৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এসব পরিবার এখন দিনে দুই বেলা ভাতও খেতে পারছে না। কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়া দরকার।
আজিজুল হক ও তাঁর স্ত্রী শাহিনুর বেগমের (৪৫) ভাষ্য, যে ফলন হয়েছিল, তাতে দুই থেকে আড়াই লাখ টাকার সবজি বিক্রি হওয়ার কথা ছিল। কিন্তু লাভ তো দূরের কথা, এখন চাষ খরচের দেড় লাখ টাকাও উঠবে না। খেত শুকনো থাকলে আবার ঋণ করে আবাদ করা যেত। তাও সম্ভব হচ্ছে না। প্রতিদিনই জোয়ারে খেত তলিয়ে যাচ্ছে। আগামী আশ্বিন-কার্তিক ছাড়া আবাদ করাও সম্ভব নয় বলে জানান তাঁরা।
চরফ্যাশনের আসলামপুরের ইব্রাহীম বুলাই জানান, জোয়ারে তাঁর আমন ধানের বীজতলা নষ্ট হয়েছে। ১৬০ শতাংশ জমির শসা, বরবটি, বেগুনখেত ডুবে ক্ষতি হয়েছে। তিনি এখন বেকার হয়ে বসে আছেন। আবার যে আমনের বীজতলা তৈরি করবেন, সেই সামর্থ্য ও জমি তাঁর নেই।
জোয়ারের পানিতে ডুবে প্রায় সোয়া লাখ টাকার ক্ষতি হয়েছে মিয়াজানপুরের হযরত আলীর। চর আফজালের মনির হোসেন মাঝি (৪৫) জোয়ারে খেতের সব সবজি হারিয়ে এখন বাজারের এক কোণে চায়ের দোকান বসিয়েছেন।
পূর্ব মাদ্রাজ গ্রামের রুহুল আমিন মুন্সি আক্ষেপ করে বলেন, ‘লেইখ্যা আর কী অইব। দুই লাখ টিয়ার হুদা সবজিখ্যাত নষ্ট অইছে। পুষ্কুনির মাছ গেছে, হ্যার হিসাব নাই। সরকার কি আমগোরে ঋণ দিব? দিব না। দেয় পাঁচ সের-দশ সের চাউল। এডি দিয়া আমগো কী অইব। আমগো কষ্টে পক্ষী কান্দে, সরকারের কিচ্ছু অয় না।’
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ঠাকুর কৃষ্ণ দাস বলেন, এ বছর খরিপ-২ (বর্ষা মৌসুম) মৌসুমে প্রায় তিন হাজার একর জমিতে সবজি চাষ হয়েছে। আমনের বীজতলা করা হয়েছে ১৪ হাজার একর ও আউশ ছিল প্রায় পাঁচ হাজার একরে। এর মধ্যে প্রায় এক হাজার ২০০ একর জমির সবজি, তিন হাজার একর জমির আমন বীজতলা এবং ৫০০ একরের আউশ ধান সম্পূর্ণ নষ্ট হয়েছে। প্রায় সব কৃষকেরই আংশিক ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মনোতোষ শিকদার বলেন, ‘জোয়ারের পানির কারণে চাষিরা নতুন করে আবাদ শুরু করতে পারছেন না। আমনচাষিদের পলিথিনে ও কলার ভেলার ওপর নতুন করে বীজতলা তৈরির পরামর্শ দিচ্ছি। কিন্তু লাখ লাখ টাকার ক্ষতির শিকার চাষিদের অনুদান দেওয়ার জন্য সরকারের কাছ থেকে কোনো বরাদ্দ পাইনি। উপজেলা ঋণ বাস্তবায়ন সভায় আমরা ব্যাংকগুলোকে সহজ শর্তে ক্ষতিগ্রস্ত চাষিদের ঋণ দেওয়ার পরামর্শ দিয়েছি। কিন্তু কতটা বাস্তবায়িত হচ্ছে, বলতে পারব না।’