জোয়ারের পানিতে সড়ক দুই ভাগ, বন্ধ গাড়ি চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট সড়কের একটি অংশ ভেঙে গেছে সাগরের জোয়ারের পানিতে। ওই অংশ হাঁটুপানি পার হয়ে ওই সড়কে যাতায়াত করছেন পথচারীরা l প্রথম আলো
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট সড়কের একটি অংশ ভেঙে গেছে সাগরের জোয়ারের পানিতে। ওই অংশ হাঁটুপানি পার হয়ে ওই সড়কে যাতায়াত করছেন পথচারীরা l প্রথম আলো

সড়কের মাঝখানে দুই ভাগ। ভাঙা অংশে প্রবাহিত হচ্ছে পানি। লোকজন ভাঙা অংশ পার হচ্ছে হাঁটু পরিমাণ পানি ডিঙিয়ে। এ চিত্র কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট সড়কের রাজঘাট এলাকার।
গত রোববার জোয়ারের পানিতে সড়কের রাজঘাটের চারটি স্থানে ভেঙে দুই ভাগ হয়ে গেছে। এরপর থেকে ওই সড়কে বন্ধ রয়েছে যানবাহন চলাচল।
স্থানীয় লোকজন জানান, সাত কিলোমিটারের সড়কটি মাতারবাড়ী ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম। চলাচল করে অটোরিকশা, মালবাহী ট্রাক, রিকশা ও মাইক্রোবাস। যাতায়াতের সুবিধার্থে দক্ষিণ রাজঘাট সেতু থেকে নতুনবাজার সিএনজি স্টেশন পর্যন্ত এক কিলোমিটার পর্যন্ত পিচঢালাই করা হয় চার বছর আগে। এরপর আর সংস্কার করা হয়নি। পিচঢালাই হওয়া অংশেরই আধা কিলোমিটার খানাখন্দে ভরা। এখন চার স্থানে ভেঙে ভোগান্তি আরও বেড়েছে।
সরেজমিনে দেখা গেছে, আধা কিলোমিটারের মধ্যে ৩০ গজ অন্তর চার স্থানে সড়ক দুই ভাগ হয়ে আছে। ভাঙা অংশের হাঁটু পরিমাণ পানি ডিঙিয়ে পার হতে দুর্ভোগ পোহাচ্ছে চলাচলকারীরা।
স্থানীয় মাতারবাড়ী ইউপি সদস্য রিয়াজ উদ্দিন বলেন, ভাঙা সড়কের ওপর দিয়ে গাড়ি তো দূরে, হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তত ৩০ হাজার মানুষকে। এরপরও উপজেলা প্রকৌশল কার্যালয় সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে। মাতারবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ইয়াকুব আলী বলেন, ভাঙা সড়কের কারণে বাইরে কোনো রোগী নিতে নানাভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে। মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুস বলেন, ভাঙা সড়কের কারণে স্থানীয় জনগণ ভোগান্তি পোহাচ্ছে। তাই সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শিগগির আবেদন করা হবে।