পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর ঘটনায় সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলক চন্দ্র বসাক ও উপপরিদর্শক (এসআই) মো. বাদশা আলমসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গতকাল সোমবার সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শামছুদ্দীন মাসুমের আদালতে এ মামলা করেন জেলার কানাইঘাট উপজেলার গণিকান্দি গ্রামের গৃহবধূ জয়তুন্নেছা। আদালত মামলা নথিভুক্ত করে সিলেটের পুলিশ সুপারকে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। মামলার অপর আসামিরা হলেন কানাইঘাট উপজেলার গরদানা গ্রামের ইসমাইল, গণিকান্দি গ্রামের আবদুন নূর, কামাল ও আবদুল লতিফ। মামলার আরজিতে বলা হয়, জৈন্তাপুর থানায় একটি ডাকাতি মামলার আসামি মুজিবুর রহমানকে (৩২) গত ২৫ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে জৈন্তাপুর থানাহাজতে আটকে রেখে ওসি ও এসআই বন্দুকের বাঁট, কাঠের রুল ও প্যান্টের বেল্ট দিয়ে অমানুষিক নির্যাতন করেন। মুজিবুরকে গত ২ মার্চ জৈন্তাপুর থানায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। সেখানে ইসমাইল, আবদুন নূর, কামাল ও আবদুল লতিফের কাছ থেকে আর্থিকভাবে লাভবান হয়ে মুজিবুরের মুখে কাপড় বেঁধে গরম পানি ঢেলে নির্যাতন করা হয়। মুমূর্ষু অবস্থায় মুজিবুরকে ১৩ মার্চ চিকিৎসা দিয়ে কারাগারে পাঠানো হয়। মুজিবুর গত ১১ মে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে মারা যান। মামলার বাদী মুজিবুরের মা জয়তুননেছা গতকাল প্রথম আলোকে জানান, তাঁর ছেলে মারা যাওয়ার পর থেকে জৈন্তাপুর থানার ওসি গোলক চন্দ্র ও এসআই বাদশা তাঁকে বিশেষ নজরদারিতে রাখেন এবং মামলা না করতে তাঁকে নানা ভয়ভীতি দেখান। এ জন্য মামলা দায়ের করতে তিনি দেরি করেছেন। এ বিষয়টি মামলার আরজিতেও তিনি উল্লেখ করেছেন। জৈন্তাপুর থানার ওসি গোলক চন্দ্র বসাকের মুঠোফোনে কল করলে ওই থানার উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন ফোন রিসিভ করে জানান, তিনি (ওসি) ছুটিতে আছেন। মামলার ব্যাপারে জানতে চাইলে এসআই মোবারক বলেন, ‘মামলা হয়েছে শুনেছি। তবে এ-সংক্রান্ত কোনো কাগজপত্র আমাদের হাতে পৌঁছায়নি।’