জৈন্তাপুর রাজবাড়িতে মেগালিথিক সংস্কৃতির নিদর্শন মিলল
সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাশ্বরী রাজবাড়িতে মাটি খুঁড়ে পাওয়া গেছে প্রাচীন পাথুরে কাঠামো। অনুসন্ধানকারী প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, প্রাপ্ত নিদর্শনটি একটি মেগালিথিক সমাধি। পাথরখণ্ডগুলো প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁদের দাবি, এটি এশিয়া অঞ্চলে মেগালিথিক সংস্কৃতির সবচেয়ে পুরোনো নিদর্শন হতে পারে।মেগালিথ হচ্ছে সমাধি বা স্মৃতিস্তম্ভের মতো কাঠামো তৈরি করতে ব্যবহূত বড় ধরনের পাথর। সিমেন্ট-জাতীয় কোনো কিছু ব্যবহার না করে এ রকম পাথর পরস্পরের সঙ্গে জুড়ে গঠিত কাঠামোকেই বলা হয় মেগালিথিক কাঠামো।বিশেষজ্ঞরা বলছেন, জৈন্তাপুরের এই সমাধিতে ব্যবহূত মেগালিথিক পাথর প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরোনো। মাত্র ১৭৬ সেন্টিমিটার মাটির গভীরে এটি পাওয়া গেছে।উপজেলা সদরের জৈন্তাশ্বরী রাজবাড়ি প্রাঙ্গণে প্রতিষ্ঠিত ‘জৈন্তাশ্বরী মিউজিয়াম’ এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রত্নতত্ত্ব বিভাগের প্রচেষ্টায় আবিষ্কৃত হয়েছে এ নিদর্শন। গত ২৬ ফেব্রুয়ারি শুরু করা প্রথম ধাপের খনন-অনুসন্ধান গতকাল রোববার সমাপ্ত হয়েছে।ইতিহাসবেত্তাদের মতে, প্রাচীন কালে ‘জৈন্তিয়া’ নামের একটি স্বাধীন রাজ্য ছিল। ‘জৈন্তাশ্বরী রাজবাড়ি’ ওই রাজত্বেরই ক্ষয়িষ্ণু নিদর্শন। উপজেলা প্রশাসন প্রাচীরঘেরা প্রায় তিন একর আয়তনের ওই রাজবাড়িটি ‘জৈন্তাশ্বরী মিউজিয়াম’ নামে সংরক্ষিত করে রেখেছে।শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান খান প্রথম আলোকে বলেন, সুপ্রাচীন মেগালিথিক সংস্কৃতি বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিভিন্নভাবে ও কমবেশি বিভিন্ন সময়ে বিরাজমান থাকলেও প্রস্তরযুগে এ সংস্কৃতি এশিয়ায় ছড়িয়ে পড়ে একটি সাধারণ উত্স থেকেই। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, এশিয়া অঞ্চলে এ পর্যন্ত যেসব মেগালিথিক পাথর পাওয়া গেছে, এর মধ্যে এগুলোই সবচেয়ে প্রাচীন।’ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আরও বলেন, পাথরের সমাধির ভেতরের কালো ছাইসহ নানা উপাদান সংগ্রহ করা হয়েছে। এ উপাদানগুলো পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। প্রাচীনত্ব সম্পর্কে নিশ্চিত হতে দেশে কার্বন-১৪ পরীক্ষার কাজ করা সম্ভব না হলে প্রয়োজনে দেশের বাইরে তা পাঠানো হবে।প্রকল্পের উপপরিচালক সৈয়দ রেজাউল কবির বলেন, ‘ঠিক কী কারণে এ অঞ্চলে এসব মেগালিথিক পাথর ব্যবহার করা হয়েছে, তার সঠিক ইতিহাস আমরা তুলে ধরতে সক্ষম হব। যে তথ্য ও উপাদান সংগ্রহ করার জন্য খননকাজ করেছিলাম, ইতিমধ্যে তার অনেক উপাদান পাওয়া গেছে। আশা করছি, গবেষণার পর বাংলাদেশ তথা জৈন্তিয়া সম্পর্কে অনেক অজানা ইতিহাস জানা যাবে।’