জৈন্তাপুর সীমান্ত দিয়ে আবারও ভারতীয় খাসিয়াদের অনুপ্রবেশ
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে গতকাল সোমবার আবারও অনুপ্রবেশ করেছে ভারতীয় খাসিয়ারা। অনুপ্রবেশ করে তারা জমিতে হালচাষ করতে শুরু করে। টহলরত বিডিআরের সদস্যরা সীমান্তে সতর্কাবস্থা জারি করলে অনুপ্রবেশকারীরা ওপারে চলে যায়।এলাকাবাসী জানান, ভারতীয় খাসিয়ারা সকালে শ্রীপুর সীমান্তের ১২৮২ নম্বর পিলারসংলগ্ন আমকি নদীর পূর্ব পারে পাগলা ও মিনাটিলা এলাকায় বাংলাদেশি ভূখণ্ডে অনুপ্রবেশ করে জমিতে হালচাষ ও ধানের বীজ বপন করতে শুরু করে। এ সময় বিডিআর বাঁশি বাজিয়ে ও পতাকা উড়িয়ে সীমান্তে সতর্কাবস্থা জারি করে। কিছুক্ষণ পর ভারতীয়রা ওপারে চলে যায়।২১ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মামুন জানান, সীমান্তের পরিস্থিতি নিয়ে বিএসএফকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানানো হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।উল্লেখ্য, জৈন্তাপুর সীমান্তে গত রোববার ভারতীয় খাসিয়াদের হামলায় ১২ জন বাংলাদেশি আহত হন।