জৈন্তাপুর সীমান্তে জমি নিয়ে বিরোধ কূটনৈতিকভাবে মীমাংসা করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম বলেছেন, সিলেটের জৈন্তাপুর সীমান্তে জমি নিয়ে বিরোধ কূটনৈতিকভাবে মীমাংসা করা হবে। গতকাল মঙ্গলবার জৈন্তাপুর সীমান্তসহ সিলেটের কয়েকটি সীমান্ত এলাকা পরিদর্শন শেষে বিডিআরের সিলেট সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।মেজর জেনারেল মইনুল ইসলাম বলেন, ৭ মার্চ নয়াদিল্লিতে মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্তে ভূমি-সংক্রান্ত বিরোধ নিয়ে আলোচনা এবং তা মীমাংসা করা হবে। তিনি বলেন, ‘আমরা চাই না অপদখলীয় জমির নাম করে জমি জবরদখল করা হোক।’বিডিআর সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী ডিবির হাওর ও কেন্দির হাওরে মাছ ধরা নিয়ে বিডিআর ও বিএসএফের মধ্যে ৪ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কয়েকবার গোলাগুলি হয়েছে। ১৪ ফেব্রুয়ারি বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত হন। পরে ১৭ ফেব্রুয়ারি তামাবিল সীমান্তে বিডিআর-বিএসএফের উপমহাপরিচালক পর্যায়ের বৈঠক হয়। এর পরও ১৯, ২৩ ও ২৮ ফেব্রুয়ারি জৈন্তাপুর সীমান্তে গোলাগুলি হয়। এর পরিপ্রেক্ষিতে বিডিআরের মহাপরিচালক গতকাল সকালে জৈন্তাপুরসহ সিলেটের সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় সীমান্তের ১২৮৪ নম্বর পিলারের কাছে ভারতের শিলং সেক্টরের ডিআইজি এ কে ভার্গনের সঙ্গে সাক্ষাত্ করেন মহাপরিচালক। আসন্ন বিডিআর-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক পর্যন্ত কোনো ধরনের আগ্রাসন চালানো হবে না বলে বিএসএফের পক্ষ থেকে তাঁকে আশ্বস্ত করা হয়।বিডিআরের মহাপরিচালক বলেন, ‘জয়েন্ট বর্ডার ওয়ার্কিং গ্রুপের সর্বশেষ বৈঠকে অপদখলীয় ভূমির একটি তালিকা করা হয়েছিল। যেখানে পিলার হয়ে গেছে, সেখানে আর কোনো দ্বিমত থাকার কথা নয়। সিলেট অঞ্চলের সব জায়গায় পিলার হয়ে গেছে।’সীমান্তে অপদখলীয় জমি বাংলাদেশ ভোগ না করায় ভারত সেগুলো জবরদখলের চেষ্টা করছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, ‘সীমান্তে জমি-সংক্রান্ত বিরোধের ঘটনায় বিডিআর ধৈর্যের পরিচয় দিয়েছে।’ বিডিআর সদস্যদের সহনশীল থাকতে বলেন তিনি। সীমান্তের খাসজমিগুলো প্রকৃত কৃষকদের কাছে বরাদ্দ দেওয়ার জন্য মহাপরিচালক সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘এসব খাসজমি যাদের নামে বরাদ্দ রয়েছে, তারা সেগুলোতে চাষাবাদ করে না। তাই খাসজমির বরাদ্দ প্রকৃত ভূমিহীন কৃষকদের দেওয়া উচিত। এতে করে আবাদ বাড়বে, ভূমিহীন ব্যক্তিরাও উপকৃত হবে এবং সীমান্ত সুরক্ষিত থাকবে।’এর আগে জৈন্তাপুর সীমান্ত পরিদর্শনকালে বিডিআরের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, ‘আগামী বিডিআর সপ্তাহের মধ্যেই এই বাহিনী নতুন নাম ও নতুন পোশাক পেয়ে যাবে।’ বিডিআরকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তান আমলে বিওপির ঘনত্ব ছিল নয় কিলোমিটার। অথচ ভারতে বিওপির ঘনত্ব তিন কিলোমিটার। নতুন রূপরেখা অনুযায়ী পাঁচ কিলোমিটার পরপর বিওপি স্থাপন করার কথা রয়েছে এবং বিওপি হবে সীমান্ত এলাকার কাছাকাছি।’তামাবিল, সংগ্রামপুঞ্জি, পাদুয়াসহ সীমান্তবর্তী ফাঁড়িগুলো পরিদর্শন করেন মেজর জেনারেল মইনুল ইসলাম। এ সময় ২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়কসহ বিডিআরের পদস্থ কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন। দুপুরে বিডিআরের সিলেট সদর সেক্টরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে সন্ধ্যায় সিলেট থেকে ঢাকায় ফেরেন বিডিআরের মহাপরিচালক।