জৈন্তাপুর সীমান্তে ঢুকে ভারতীয় খাসিয়াদের গুলি, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্তের মিনাটিলায় ভারতীয় খাসিয়াদের গুলি ও তীর-ধনুকের আঘাতে ১২ বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন পাঁচজন। বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে খাসিয়াদের চাষবাসে বাধা দিতে গিয়ে গতকাল রোববার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী গ্রামবাসী ও বিডিআর সূত্র জানায়, প্রায় ১০ দিন ধরে জৈন্তাপুরের মিনাটিলা, আলুটিলা ও কাঁঠালবাড়ি এলাকার সীমান্তবর্তী বাংলাদেশি জমিতে চাষাবাদ করে আসছেন খাসিয়ারা। গতকাল সকালে জৈন্তাপুর সীমান্তের ১২৭৯ পিলার এলাকায় বাংলাদেশ অভ্যন্তরে ভারতীয় খাসিয়াদের ‘হেডম্যান’ সন-এর নেতৃত্বে ১৫-২০ জনের একদল খাসিয়া অনুপ্রবেশ করে। কিন্তু স্থানীয় লোকজনের বাধায় তারা ফিরে যেতে বাধ্য হয়। এ ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সনের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একদল সশস্ত্র খাসিয়া বাংলাদেশে ঢুকে পড়ে। এ সময় স্থানীয় গ্রামবাসী সংঘটিত হয়ে তাদের প্রতিরোধের চেষ্টা করলে খাসিয়ারা এলোপাতাড়ি তীর-ধনুক ছুড়তে থাকে। একপর্যায়ে তারা ছররা গুলি ছোড়ে। এ সময় জৈন্তাপুর সীমান্তের গুচ্ছ গ্রামের আবদুল মান্নান (২৫), কামাল হোসেন (২২), নূর মোহাম্মদ (৪২), আসামপাড়ার দেলওয়ার হোসেন ও কেন্দ্রি গ্রামের কয়েস মিয়া (১৬) গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে কামাল, কয়েস ও মান্নানকে বিকেলে বিডিআরের তত্ত্বাবধানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।গুলিবিদ্ধ অন্য দুজন ও তীর-ধনুকে বিদ্ধ সাতজন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। খাসিয়াদের সীমান্তে অনুপ্রবেশ ও গুলিবর্ষণের পরও বিডিআরের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ পাগলাটিলায় বিডিআরের ক্যাম্প ঘেরাও করে। বিকেল তিনটায় ক্যাম্পের দরজা-জানালা ভাঙচুর করে তারা সিলেট-তামাবিল সড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। খাসিয়াদের গুলিতে পাঁচজন বাংলাদেশি গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করে ২১ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কোহিনূর আলম প্রথম আলোকে বলেন, আহতদের বিডিআরের তত্ত্বাবধানে চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। সীমান্তে খাসিয়াদের অনুপ্রবেশ ও বিডিআরের নীরবতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ অবস্থা দীর্ঘদিন ধরে চলছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো নির্দেশনা না দেওয়ায় বিডিআর এ ভূমিকা পালন করছে।’ ক্ষুব্ধ গ্রামবাসীর বিডিআর ক্যাম্প ভাঙচুর প্রসঙ্গে উপ-অধিনায়ক বলেন, ‘তারা ক্যাম্প ঘেরাও করে বিডিআরের অবস্থান জানতে চাইছিল। আমরা তাদের বুঝিয়েছি।’