জৈন্তাপুর সীমান্তে বিডিআরের নতুন ক্যাম্প স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর সীমান্তের ডিবির হাওর এলাকায় ২১ রাইফেল ব্যাটালিয়নের একটি নতুন ক্যাম্প (বিওপি) স্থাপন করা হয়েছে।গতকাল বুধবার বিকেলে বিডিআরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম নতুন ওই ক্যাম্প পরিদর্শন করে কার্যক্রমের সূচনা করেন। এ সময় সীমান্ত এলাকায় বাংলাদেশের ভূমি রক্ষায় সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় বিডিআরের জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. ইউনুছ আলীকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। বিডিআরের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর সীমান্ত এখন গুরুত্বপূর্ণ। এ জন্য দায়িত্ব নেওয়ার পর প্রথমই আমি এই এলাকা পরিদর্শন করতে এসেছি।’ এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশের এক ইঞ্চি ভূমিও ভারতকে ব্যবহার করতে দেওয়া হবে না। প্রয়োজনে আমি সীমান্ত এলাকা পাহারা দেব।’ পরে তিনি জৈন্তাপুরসহ পাশের গোয়াইনঘাট সীমান্ত এলাকা পরিদর্শন করেন। নতুন ক্যাম্পসহ সীমান্ত এলাকা পরিদর্শনে মহাপরিচালকের সঙ্গে বিডিআরের সিলেট সেক্টর কমান্ডার কর্নেল নিয়ামুল ইসলাম ফাতেমী, ২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার জহিরুল আলম, অপারেশন অফিসার মেজর আবদুল্লাহ আল মামুন, মেজর সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।