জৈন্তাপুর সীমান্তের ওপারে বাংলাদেশি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর সীমান্তের ওপারে মোহাম্মদ আবদুল্লাহ (৪৫) নামের এক বাংলাদেশি খুন হয়েছেন। তিনি জৈন্তাপুরের চারাঘাট ইউনিয়নের গৌরী গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার বিকেলে খাসিয়ারা সীমান্ত থেকে আবদুল্লাহকে ধরে নিয়ে যায়। তবে তাঁর লাশ গতকাল শুক্রবার পর্যন্ত ফেরত দেওয়া হয়নি।বিডিআর সূত্র জানায়, জৈন্তাপুর সীমান্তের বিভিন্ন জমিতে চাষাবাদ নিয়ে সাম্প্রতিক বিরোধের জের ধরে খাসিয়ারা আবদুল্লাহকে ধরে নিয়ে যায়। আবদুল্লাহ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় লালাখাল সীমান্তের ৩০ গজ ভেতরে জ্বালানি কাঠ সংগ্রহ করছিলেন। এ সময় খাসিয়ারা তাঁকে ধরে নিয়ে বেধড়ক পিটিয়ে লাশ ফেলে চলে যায়। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলকচন্দ্র বসাক প্রথম আলোকে জানান, তিনি লালাখাল বিডিআর ফাঁড়ির মাধ্যমে সীমান্তের ওপারে বাংলাদেশি খুনের ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়েছেন। নিহত ব্যক্তির পরিবার থানা-পুলিশকে লিখিতভাবে কিছু জানায়নি। লালাখাল বিডিআর ফাঁড়ির এক কর্মকর্তা জানান, পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ওই রাতেই লাশ ভারতীয় পুলিশের জিম্মায় দেওয়ার কথা রয়েছে। পরে ময়নাতদন্ত শেষে বাংলাদেশে হস্তান্তর করার কথা। কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত লাশ হস্তান্তর করা হয়নি।