জেলা পরিষদ নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলার সব ইউনিয়নকে একই ওয়ার্ডভুক্ত করার দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে জৈন্তাপুর ছাড়াও পাশের গোয়াইনঘাট উপজেলার জনপ্রতিনিধিরা অংশ নেন।
বিকেল সাড়ে চারটার দিকে তামাবিল মহাসড়কের পাশে এ মানববন্ধন হয়। এতে উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) জনপ্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন। পাশাপাশি গোয়াইনঘাট উপজেলার কয়েকজন জনপ্রতিনিধি এতে উপস্থিত হয়ে দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
জৈন্তাপুরের চারিকাটা ইউপির চেয়ারম্যান শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন ও ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হেকিম চৌধুরী ও ভাইস চেয়ারম্যান শাহ আলম, চারিকাটা ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ হক, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি এনায়েত উল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমদ, অধ্যাপক আলী আজগর, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ফয়েজ আহমদ প্রমুখ।