জৈন্তাপুরে অনুপ্রবেশকারী ছয় ভারতীয় আটক
সিলেটের জৈন্তাপুর সীমান্তে সামরিক ইউনিফর্মসহ ছয়জন ভারতীয় নাগরিক ও তাঁদের সহযোগী (গাইড) বাংলাদেশি দুই ব্যক্তিকে আটক করেছে বিডিআর। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় সীমান্তের শ্রীপুর ফাঁড়ি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ইন্দ্রজিৎ সিংহ (৪০), লাখপতি সিংহ (২৬), রবীন সিংহ (১৪), রংসন সিংহ (১৭), রনজিদা দেবী (২০) ও সাবনা দেবী (৩৪)। তাঁদের সঙ্গে আটক করা হয়েছে গাইড ও সিলেটের জাফলংয়ের বাসিন্দা জিতেন্দ্র (২২) ও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সিরাজকে। অনুপ্রবেশকারী হিসেবে ভারতীয় নাগরিকদের ব্যাগ তল্লাশি করে সেনাবাহিনীর ১০ সেট ইউনিফর্ম, ভারতীয় ২২ হাজার রুপি, ছয়টি মুঠোফোন ও ১২টি সিম উদ্ধার করা হয়েছে।অনুপ্রবেশকারী ছয়জনই ভারতের মণিপুর রাজ্যের বাসিন্দা বলে জানিয়েছেন। তবে তাঁদের কাছ থেকে উদ্ধার করা পোশাক ও টাকা এবং বাংলাদেশে অনুপ্রবেশের কারণ সম্পর্কে জানা যায়নি। ২১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার জহিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গতকাল রাত সাড়ে নয়টায় জানান, আটক ব্যক্তিদের জৈন্তাপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। বিডিআর সূত্র জানায়, গত শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেটের ২১ রাইফেল ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর ও পার্শ্ববর্তী গোয়াইনঘাট সীমান্তের ওপারে থেমে থেমে বেশ কিছু গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় গতকাল সকাল থেকে সীমান্ত এলাকাগুলোতে বিডিআরকে সতর্ক অবস্থান নিতে বলা হয়। দুপুরের দিকে বিএসএফ আনুষ্ঠানিকভাবে বিডিআরকে জানায়, বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যদের বিচরণ লক্ষ করে গুলি ছোড়া হয়েছে। এ ব্যাপারে তাঁরা বিডিআরের সহযোগিতাও চান।