জৈন্তাপুরে আ.লীগ নেতা, সরাইলে পথচারী নিহত
সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলিছুর রহমান দৌলা গত বৃহস্পতিবার দিবাগত রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আবু শামা নামের এক পথচারী নিহত হন।
মখলিছুর রহমান (৫৫) জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন। গতকাল শুক্রবার আসরের নামাজের পর জৈন্তাপুর ক্যাপ্টেন রশীদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
পুলিশ জানায়, জৈন্তাপুর উপজেলা সদরে একটি সালিস বৈঠক শেষ করে নিজের মোটরসাইকেলে বড়খেল ফেরিঘাট এলাকায় বাড়ির উদ্দেশে রওনা দেন। নিজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সেতুর ওপর ওঠার পর একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। রাত প্রায় দুইটা ২০ মিনিটে ওই স্থান দিয়ে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার এক চালক তাঁকে সেতুর ওপর পড়ে থাকতে দেখে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী জানান, গতকাল সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ গতকাল থেকে তদন্ত শুরু করেছে।
এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আবু শামা (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাস্তা পারাপারের সময় আবু শামাকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। স্থানীয় লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবু শামা নবীনগর উপজেলার বড়াইল গ্রামের বাসিন্দা ছিলেন।