জৈন্তাপুরে ইজিবাইক উল্টে আহত ৫
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার সকালে একটি ‘ইজিবাইক’ (টমটম) উল্টে চার শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন। মহাসড়কে অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা চলার চতুর্থ দিনে এ ঘটনা ঘটে।
আহত পাঁচজন হচ্ছে জৈন্তাপুর উপজেলার আদর্শগ্রাম গ্রামের মকবুল হোসেনের ছেলে জিহাদ (১২), আসামপাড়া গ্রামের ফজলুল হকের মেয়ে ফারজানা আক্তার (১১), বশির মিয়ার মেয়ে সমুজা আক্তার (১২), আবদুল লতিফের মেয়ে সাহেরা বেগম (১২) এবং ইজিবাইকের চালক আসামপাড়া গ্রামের হারুনুর রশিদ (২২)। এদের মধ্যে হারুনুর রশিদ ও শিশু জিহাদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে প্রথম চারজন জৈন্তাপুর ক্যাপ্টেন রশিদ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও সিলেট-তামাবিল মহাসড়কে গতকাল সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন অবৈধ যান চালানো হয়। গতকাল সকাল ১০টার দিকে পাল্লা দিয়ে চালানোর সময় ওই ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় চালকসহ পাঁচজন আহত হয়।
মহাসড়কে কোনো সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে না বলে দাবি করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলক চন্দ্র বসাক। তিনি প্রথম আলোকে বলেন, ‘একটি দুর্ঘটনার খবর শুনেছি। জায়গাটি উঁচু-নিচু থাকায় যেকোনো যানই এখানে উল্টে যাওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া যেখানে দুর্ঘটনা হয়েছে বলে খবর পেয়েছি, সে স্থানটি মহাসড়ক-লাগোয়া, ঠিক মহাসড়ক নয়।’