জৈন্তাপুরে উত্তেজনা বন্ধে উদ্যোগ নিতে ভারতকে অনুরোধ
সিলেটের জৈন্তাপুর সীমান্তে সাম্প্রতিক উত্তেজনায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে। দুই প্রতিবেশী দেশের সীমান্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাইকমিশনকে দেওয়া চিঠিতে সরকারের এ অবস্থান তুলে ধরে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে জানান, জৈন্তাপুর সীমান্তে কয়েক দিন ধরে যে উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে, তাতে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিতে ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার: স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, বন্ধুপ্রতিম দুই দেশ বাংলাদেশ ও ভারত মিলে সিলেটের জৈন্তাপুর সীমান্তে খাসিয়া ও বাংলাদেশিদের মধ্যকার উত্তেজনা দূর করে বিদ্যমান সমস্যার সমাধান করবে। গতকাল সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার রজিত মিত্রের সঙ্গে সচিবালয়ের দপ্তরে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রজিত মিত্রের কাছে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়েছে। ভারতীয় হাইকমিশনারের ভাষ্য, তাঁর সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যকার উত্তেজনা দূর করতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী কাজ করবে। এ ছাড়া আগামী রমজান মাসে সীমান্তসংক্রান্ত বিভিন্ন বিষয়ে ‘জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের’ বৈঠকের সম্ভাবনার কথা জানান তিনি।উল্লেখ্য, গত রোববার জৈন্তাপুরের শ্রীপুর সীমান্তের মিনাটিলায় বাংলাদেশিদের ওপর হামলা চালায় ভারতীয় খাসিয়ারা। তাদের ছোড়া গুলি ও তীরে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়।