জৈন্তাপুরে কলেজশিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার তৈয়ব আলী কারিগরি কলেজের এক শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি কারিগরি কলেজের স্কুল শাখার শিক্ষক।ওই শিক্ষাপ্রতিষ্ঠানের এক ছাত্রীকে ওই শিক্ষক উত্ত্যক্ত করছিলেন, এ-সংক্রান্ত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে যায়। এর পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল গত বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে। শিক্ষকের গ্রেপ্তারের খবরে গতকাল ছাত্রীর পক্ষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। ছাত্রীর অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, তৈয়ব আলী কারিগরি কলেজের স্কুল শাখার দশম শ্রেণীর এক ছাত্রীকে শিক্ষক তাঁর কাছে প্রাইভেট পড়ার পরামর্শ দেন। ছাত্রী তাতে রাজি না হওয়ায় দীর্ঘদিন থেকে তিনি ছাত্রীটিকে নানাভাবে উত্ত্যক্ত করছিলেন। গত ১৮ আগস্ট রাতে শিক্ষক মদ্যপ অবস্থায় ছাত্রীর বাসায় গিয়ে অসংলগ্ন আচরণ করেন। একপর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। ঘটনাটি এলাকাবাসী জানতে পেরে পরদিন কলেজ কর্তৃপক্ষের কাছে প্রতিকার চায়।কিন্তু কলেজ কর্তৃপক্ষ ঘটনাটি প্রায় এক মাস ঝুলিয়ে রাখায় ১৮ সেপ্টেম্বর ছাত্রীর পরিবার জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার রাতে নিজপাট দর্জিহাটি গ্রামে শিক্ষকের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়ে আমি পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছি। পুলিশ সত্যতা পাওয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে তাঁকে গ্রেপ্তার করে।’ জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, এই শিক্ষক বিবাহিত ও তাঁর দুই সন্তান রয়েছে। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা পাওয়ায় এলাকাবাসীও ক্ষোভ প্রকাশ করে। জৈন্তাপুর থানাহাজতে শিক্ষক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘কলেজের কিছু লোক আমাকে ফাঁসিয়েছে।’