জৈন্তাপুরে কারাম উত্সব উদ্যাপিত
‘জাগু ডুমবার নেহর ডারি...!’ আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের কারাম উত্সবে গাওয়া এ গানের অর্থ, ‘জাগো, ডুমুরের ডালের মতো জাগো...!’প্রকৃতির সঙ্গে নিজেদের একাত্ম করে সম্প্রদায়ের জাগরণের এ গান গেয়ে আর নেচে নেচে আরাধনার মধ্য দিয়ে প্রথমবারের মতো জাঁকজমকভাবে কারাম উত্সব উদ্যাপন করল সিলেটের জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ী আদিবাসী পল্লিতে বসবাসরত ৩৫টি ওঁরাও পরিবারের সদস্যরা। গত শনিবার এ উত্সব শুরু হয়। গতকাল সোমবার ভোরে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় ওঁরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উত্সব।রোববার রাতে গোয়াবাড়ীতে গিয়ে দেখা গেছে, একটি বাড়ির আঙিনাজুড়ে মঞ্চ ও প্যান্ডেল করে চলছে কারাম উত্সবের রাতের আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতা। উত্সবের রীতি অনুযায়ী টানা দুই দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপোস থাকা নারী-পুরুষেরা উত্সবস্থলে জড়ো হয়ে পুরোহিতের শ্লোক শোনে। উত্সবের মূল আকর্ষণ হচ্ছে, কারামগাছের ডাল পূজার বেদিতে রোপণ করে বয়স্ক ও তরুণেরা দুই ভাগে বিভক্ত হয়ে নাচ-গানে মেতে ওঠে—ধীরলয়ে বেদি ঘুরে ঘুরে নাচ ও গানের এ উত্সব চলে ভোর পর্যন্ত।ওঁরাও সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তি ও কারাম উত্সবে পুরোহিতের দায়িত্ব পালনকারী ধন সিং (৮০) জানান, কারাম উত্সব মূলত পারিবারিক সুখ-শান্তি কামনা করে উদ্যাপিত হয়। কিন্তু এ অঞ্চলে ওঁরাওদের অর্থকষ্ট দিন দিন বেড়ে যাচ্ছে। গোয়াবাড়ীর কারাম উত্সবে তাই ‘জাগু ডুমবার নেহর ডারি...’ গানে কষ্ট আর অভাব-অনটন দূর করার জন্য প্রার্থনা করা হয়।উত্সবের আয়োজক সূত্রে জানা গেছে, গোয়াবাড়ীতে বসবাসরত ৩৫টি পরিবারই আর্থিকভাবে অসচ্ছল। এবার গোয়াবাড়ী আদিবাসী কল্যাণ সমিতির উদ্যোগে বাড়ির আঙিনায় সাড়ম্বরে কারাম উত্সব উদ্যাপন করা হয়।