জৈন্তাপুরে গো-চারণভূমির দখল নিয়ে সংঘর্ষে নিহত ১
সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু এলাকায় গতকাল বুধবার গো-চারণভূমির দখল নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ৫০ জন। সংঘর্ষ চলাকালে সিলেট-তামাবিল-জাফলং সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।নিহত ব্যক্তির নাম আবদুল লতিফ (৪৫)। জৈন্তাপুরের তিনপাড়া গ্রামের বাসিন্দা তিনি।পুলিশ সূত্র জানায়, সিলেট-তামাবিল-জাফলং সড়কের করিস ব্রিজ-সংলগ্ন হেমু এলাকায় পাঁচপাড়া ও তিনপাড়া গ্রামের গো-চারণভূমির দখল নিয়ে বিরোধ চলছিল। গো-চারণভূমিটি তিনপাড়া গ্রামের দখলে ছিল। পাঁচপাড়া গ্রামের বাসিন্দারা গতকাল বুধবার সকালে ওই গো-চারণভূমির দখল নিতে গেলে উভয় পক্ষে সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অন্তত চার দফা সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষ বন্দুকের ছড়রা (ছিটা) গুলি ছোড়ে। সংঘর্ষে এক পক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আবদুল লতিফের মৃত্যু হয়। আহত হয় উভয় পক্ষের অন্তত ৫০ জন।আহত ব্যক্তিদের মধ্যে বাচ্চু মিয়া ও জমিরউদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় এবং ১০ জনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট নগরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে।সিলেটের পুলিশ সুপার এস এম রুহুল আমিন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে কাঁদানে গ্যাসের ১১টি শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলক চন্দ্র বসাক জানান, গো-চারণভূমিটি সরকারি খাসখতিয়ানভুক্ত। দুই গ্রামের বাসিন্দারা সেটাকে গো-চারণভূমি হিসেবে ব্যবহার করেছে। এটির দখল নিয়ে সংঘর্ষ বাধে। তিনি জানান, এ ঘটনায় কোনো পক্ষ থানায় মামলা করেনি। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।