জৈন্তাপুরে দুই ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য
আত্মীয়ের বাড়ি বেড়িয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিল দুই স্কুলছাত্রী। পথে বমি করে মারা যায় দুজনই। সিলেটের জৈন্তাপুরে এভাবে দুই স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় রহস্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অটোরিকশাটি আটকে দুজনের মরদেহ পুলিশের হাতে তুলে দিয়েছেন।
গতকাল শুক্রবার দুপুরে জৈন্তাপুরের দরবস্ত বাজারের কাছে এ ঘটনা ঘটে। মৃত স্কুলছাত্রীরা হলো কানাইঘাটের দুর্গাপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির ইমরানা বেগম (১৪) ও রোকসানা বেগম (১৪)। ইমরানার বাড়ি কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামে। রোকসানার পূর্বপাতন গ্রামে। রোকসানা সম্পর্কে ইমরানার খালা হয়।
ইমরানা ও রোকসানার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হলে পুলিশ তাদের লাশ গতকাল রাতে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, দুর্গাপ্রসাদ হাইস্কুলে গত বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। অনুষ্ঠান শেষে ইমরানা-রোকসানা দরবস্ত এলাকায় তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে রাত যাপন করে। পরে গতকাল বেলা ১১টার দিকে এক অটোরিকশা ভাড়া করে বাড়ি ফিরছিল তারা। দরবস্ত বাজারের কাছে আসার পর ইমরানা বমি করে অটোরিকশা থেকে নিচে পড়ে যায়। রোকসানা বমি করে অটোরিকশাতেই অচেতন হয়ে থাকে। বাজারের কয়েকজন লোক তা দেখে পুলিশে খবর দেন। জৈন্তাপুর থানা থেকে পুলিশ গিয়ে দুজনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দুজনের মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে বলে জানান। তবে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলতে পারেননি। দুই ছাত্রীর বাবা ও স্কুলের একজন শিক্ষক থানায় গিয়ে দুজনের মরদেহ শনাক্ত করেছেন।
দুর্গাপুর স্কুলের সহকারী শিক্ষক বিকাশ কুমার দাশ প্রথম আলোকে বলেন, দুজনকে তাঁরা বৃহস্পতিবার সারা দিনই বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে দেখেছেন। পরে অন্য শিক্ষার্থীদের সঙ্গে তারা বিদায় নেয়। হঠাৎ বমি করে এভাবে তাদের মৃত্যুর ঘটনা তাঁর কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে।
ইমরানা-রোকসানা সম্পর্কে খালা ও ভাগনি বলে নিশ্চিত করেছেন রোকসানার বাবা আবুল হোসেন। গতকাল সন্ধ্যায় তিনি বলেন, দুজন সহপাঠী হওয়ায় একসঙ্গে স্কুল ও বাড়িতে যাতায়াত করত। প্রায় সময় অটোরিকশা ভাড়া করে বাড়ি ফিরত। যাত্রাপথে কোনো কিছু ঘটেছে কি না, বিষয়টি খতিয়ে দেখতে পুলিশকে বলেছেন তিনি।
এ ব্যাপারে রাতে যোগাযোগ করলে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির বলেন, ‘যাত্রাপথে কিছু ঘটল কি না, সে বিষয়ে সিএনজিচালক সোহেল মিয়াকে জিজ্ঞাসাবাদ করে কিছু পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, খাবার থেকে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাদের। কারণ, নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ওসি জানান, অটোরিকশা ও চালক সোহেল মিয়াকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের জিম্মায় রেখে পুলিশ ঘটনা তদন্ত করছে।