জৈন্তাপুরে পটকা খেয়ে আরও দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুরে পটকা খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ আরও দুজন মারা গেছেন। এঁরা হলেন শফাতুন নেছা (৫৫) ও তৈয়বুন্নেছা (৫০)। শফাতুন নেছা তোবাং গ্রামের ওমর আলীর স্ত্রী। এ নিয়ে মৃতের সংখ্যা সাতজনে দাঁড়াল।
এর আগে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়ে দুই শিশুসহ চারজন ও বাড়িতে অসুস্থ হয়ে একজনের মৃত্যু হয়। তাঁরা হলেন জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের উত্তর মাইল গ্রামের আবদুর রহিম (৬০), তাঁর ছেলে সুলেমান হোসেন (২৫) ও লোকমান হোসেন (২০), তাঁদের প্রতিবেশী প্রবাসী আনিসুল হকের ছেলে স্কুলছাত্র রাহিন আহমদ (৮) ও মনি বেগম (১০)। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুস ছবুর মিঞা জানান, শফাতুন নেছাকে মঙ্গলবার সন্ধ্যায় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গতকাল ভোরে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিচালক জানান, পটকার তরকারি খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১২ জন। তাঁদের চিকিৎসায় একজন মেডিসিন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
ওই মেডিকেল বোর্ডের প্রধান মেডিসিন বিভাগের চিকিৎসক এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, পটকায় টেট্রাটডক্সিন নামে একধরনের বিষ থাকে, যা কোনো ওষুধে উপশম হয় না। এ ধরনের বিষক্রিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ব্রেইনের নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে যায়। শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে মারা যান রোগীরা। ভর্তি হওয়া রোগীদের বিষক্রিয়ায় দুর্বল না হওয়ার চিকিৎসা দেওয়া হচ্ছে।
পটকা খেয়ে মারা যাওয়া আবদুর রহিমের ভাতিজা দেলওয়ার হোসেন বলেন, পটকা তাঁদের এলাকায় ‘ফুটকোনা মাছ’ নামে পরিচিত। গত সোমবার রাতে বাড়ির পাশের একটি নালা শুকিয়ে মাছ ধরেন তাঁরা। ওই মাছ দিয়ে তাঁরা রাতের খাবার খান। সকালে পটকা রান্না করে দুপুরের খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন দুই পরিবারের সদস্যরা। একপর্যায়ে তাঁর চাচা মারা গেলে অসুস্থ ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দেলওয়ার জানান, শুষ্ক মৌসুমে নালা বা খাল-বিল সেচে মাছ ধরার সময় বিপুল পরিমাণ পটকা ধরা পড়ে। এগুলো অনেকেই মাছের মতো খেয়ে থাকে।