জৈন্তাপুরে পাথর ভাঙার কলের চাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুরে পাথর ভাঙার কলের (স্টোন ক্রাশার মেশিন) নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছেন। গত রোববার দিবাগত রাতে তামাবিল সড়কের পাশে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক হলেন জৈন্তাপুরের লক্ষ্মীপুর গ্রামের আমির হোসেন (৩২)। আহত দুজন হলেন একই গ্রামের খন্দকার স্বপন (৩৫) ও মুফিজুল ইসলাম (৩৮)। রাতের বেলা অবৈধভাবে পাথর ভাঙার কল স্থাপন করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
খবর পেয়ে গতকাল সোমবার জৈন্তাপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তামাবিল মহাসড়কের পাশে একটি বাড়ির সামনে গত রোববার রাত ১২টার দিকে অবৈধ পাথর ভাঙার কল বসাচ্ছিলেন একদল শ্রমিক। সাধারণত শক্ত গাছ বা অন্য কিছুর ওপর রেখে ওই কল বসাতে হয়। কিন্তু বাঁশের ওপর বসানোর কারণে রাত দুইটার দিকে কল চালু করার পর তা একদিকে পড়ে যায়। এতে কলের নিচে চাপা পড়েন তিন শ্রমিক। এঁদের মধ্যে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও আমির হোসেন নামের অপর শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি ঘটনাস্থলেই মারা যান।
জৈন্তাপুর থানার ওসি সফিউল কবির জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। শ্রমিকদের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।