জৈন্তাপুরে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার হাজারীসেন গ্রামে গতকাল মঙ্গলবার গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম তোতা মিয়া (২৫)। তাঁর বাড়ি উপজেলার ছুটারিসেনগাঁওয়ে। এ খুনের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হচ্ছেন, হাজারীসেন গ্রামের তাহের উদ্দিন (২৮), মাঈন উদ্দিন (৪৫), আব্দুস সামাদ (৬০), নিছার আলী (৩৫), নিজাম উদ্দিন (২৫) ও দেলেওয়ার হোসেন (২২)। পুলিশ জানায়, গত সোমবার রাত প্রায় আড়াইটায় হাজারীসেন গ্রামে তাহের উদ্দিনের বাড়িতে একদল চোর ঢুকে পড়লে বাড়ির লোকজন ধাওয়া করে তোতা মিয়া নামক এক যুবককে আটক করে দুই দফা মারধর করে। এতে সংজ্ঞা হারিয়ে ফেলেন তোতা মিয়া। খবর পেয়ে জৈন্তাপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তোতা মিয়াকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলকচন্দ্র বসাক প্রথম আলোকে জানান, যুবক খুনের ঘটনায় সন্ধ্যার পর পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ছয়জনকে নিহত যুবকের বাবা বরকত উল্লাহর দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি করা হয়েছে। ওসি জানান, ওই গ্রামের তাহির আলী নামে এক ব্যক্তি তাঁর বাড়িতে নিহত যুবকসহ তিনজনকে আসামি করে একটি চুরির মামলা করেছেন। পুলিশ উভয় ঘটনা তদন্ত করছে। অজ্ঞাত নারীর লাশ উদ্ধার: ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলী এলাকা থেকে চল্লিশোর্ধ্ব অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। গতকাল বিকেল পাঁচটায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।