জৈন্তাপুরে লোকালয়ে লজ্জাবতী বানর
সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের লক্ষ্মীপ্রসাদ গ্রামের একটি বাড়ির কাঁঠালগাছের গোড়ায় গতকাল শনিবার সকালে গুটিসুটি মেরে বসেছিল একটি লজ্জাবতী বানর। একদল কিশোর তাকে দেখে ফেলে। পরে তারা বানরটি ধরে রশি দিয়ে বেঁধে ফেলে।কিছুক্ষণের মধ্যে মানুষের ভিড় জমে যায়। কখনো গাছে বেঁধে, আবার কখনো শূন্যে ঝুলিয়ে দুপুর পর্যন্ত বানরটি প্রদর্শন করা হয়। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা গিয়ে বানরটিকে উদ্ধার করেন।স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে বন বিভাগ সূত্র জানায়, লক্ষ্মীপ্রসাদ গ্রামের সিরাজুল হকের বাড়ির কাঁঠালগাছের গোড়ায় সকালে বসেছিল লজ্জাবতী বানরটি। ১০-১২ জন কিশোর বানরটি ধরে রশি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে রাখে। এটি দেখতে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। পরে সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগ বেলা দুইটার দিকে বানরটিকে উদ্ধার করে। বন বিভাগের সিলেট উত্তর রেঞ্জ-২-এর কর্মকর্তা মাসুম রায়হান বলেন, রশি দিয়ে বাঁধায় বানরের পেছনের দুটো পায়ে সামান্য জখম হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে আজ রোববার বানরটি সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।