জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত ও ১৭ জন আহত হয়েছেন। নিহত শ্রমিকেরা হলেন উপজেলার গর্দনা গ্রামের জয়নাল আবেদীন (৩০) ও আবুল হোসেন (৩৫)।পুলিশ জানায়, গতকাল রোববার সকালে শ্রীপুর পাথর কোয়ারি থেকে বারকি শ্রমিকদের নিয়ে একটি লেগুনা জৈন্তাপুরের সারিঘাট এলাকায় পৌঁছালে সিলেট থেকে জাফলংগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-২২২৮) সেটিকে চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।আহত শ্রমিকদের প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা প্রায় চার ঘণ্টা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের শান্ত করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল হক জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে যথাক্রমে পাঁচ হাজার ও এক হাজার টাকা করে দেওয়া হয়েছে।তামাবিল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।