জৈন্তাপুরের ছয় ইউনিয়নকে একই ওয়ার্ডভুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলার ছয়টি ইউনিয়নকে একটি ওয়ার্ডভুক্ত করার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে এ দাবি জানানো হয়। স্মারকলিপি গ্রহণ করে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
স্মারকলিপিতে বলা হয়, জেলা পরিষদ নির্বাচনে সিলেটের সব উপজেলা নিয়ে একটি করে স্বতন্ত্র ওয়ার্ড গঠন করা হয়েছে। কিন্তু জৈন্তাপুর উপজেলার ছয়টি ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করে ৪ নম্বর ও ১৫ নম্বর ওয়ার্ড করা হয়েছে। এ নিয়ে ভবিষ্যতে বিভক্তি থেকে সংঘাত দেখা দিতে পারে।
স্মারকলিপি পেশ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন জনপ্রতিনিধিরা। এতে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এখলাছুর রহমান, চারিকাটা ইউপির শাহ আলম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।