সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকায় সীমান্তবর্তী বাংলাদেশি কিশোরদের আয়োজন করা ফুটবল খেলা বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গত রোববার বিকেলে ফুটবল খেলা নিয়ে একদল ভারতীয় নাগরিক (খাসিয়া) ও বাংলাদেশিদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটলে বিএসএফ খেলার স্থানটিকে সীমান্তের অপদখলীয় দাবি করে তা বন্ধ রাখার আহ্বান জানায়। বিএসএফের আহ্বানের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫) খেলার স্থানটিকে ‘বিরোধপূর্ণ’ চিহ্নিত করে খেলা বন্ধ করে দিয়েছে। বিকেলে যোগাযোগ করলে বিজিবি-৫ অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম মিনাটিলায় ফুটবল খেলা বন্ধ রাখার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, তাঁরা প্রতিবছর এমন মৌসুমে মিনাটিলায় বাংলাদেশ-ভারত সীমান্তের ১২৩৮ নম্বর সীমান্ত পিলারের ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে স্থানীয় কিশোরেরা ফুটবল খেলার আয়োজন করে। গত রোববার বিকেল চারটায় খেলার শুরুতে বিএসএফ বাধা দেয়। গ্রামবাসীসহ আয়োজকেরা তখন গত বছরও খেলা হয়েছে জানিয়ে ফুটবল খেলা শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা শুরুর প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর মিনাটিলা সীমান্তের ওপারে বসবাসকারী একদল ভারতীয় নাগরিক দেশীয় অস্ত্র নিয়ে ফুটবল খেলোয়াড়-দর্শকদের তাড়া করে। এ সময় বাংলাদেশিদের ওপর উপর্যুপরি ইটপাটকেলও নিক্ষেপ করে ফুটবল খেলার মাঠছাড়া করা হয়। একপর্যায়ে মিনাটিলার গ্রামবাসী সম্মিলিতভাবে ধাওয়া করলে ভারতীয়রা বাংলাদেশ অভ্যন্তর থেকে ওপারে চলে যায়।ভারতীয়দের তাড়া খেয়ে মাঠ থেকে পালাতে গিয়ে ইটপাটকেলের আঘাতে গ্রামবাসীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এর মধ্যে ফুটবল খেলায় অংশ নেওয়া মিনাটিলা গ্রামের নিতাই (২০), নাছিম (১৫), বদরুল (১৬), আলাউদ্দিন (১৮) হাতে ও মাথায় জখমপ্রাপ্ত হয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, মিনাটিলার বাংলাদেশ অংশের জায়গার ব্যবহার বাংলাদেশিরা করে আসছে। খোলা মাঠ হওয়ায় স্থানীয় কিশোররা প্রতিবছর এমন সময় ফুটবল খেলে। এবার কেন যে বাধা দেওয়া হয়েছে, তা বোধগম্য নয়।বিজিবি সূত্র জানায়, পাল্টাপাল্টি ধাওয়ার পর গতকাল সোমবার সকাল ১০টায় বিজিবির মিনাটিলা ক্যাম্পে বিএসএফ-বিজিবি একটি পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে ফুটবল খেলার মাঠকে সীমান্তের বিরোধপূর্ণ জায়গা বলে উভয় পক্ষ নিশ্চিত হয়। বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জায়গা কোনো পক্ষকে ব্যবহার না করতে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। বিজিবি-৫ অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম প্রথম আলোকে বলেন, ‘মিনাটিলার যে জায়গায় খেলা হচ্ছিল, সেটি বিরোধপূর্ণ। সংঘাত এড়াতে খেলা বন্ধ রাখা হয়েছে।’