জৈন্তিয়া ডিগ্রি কলেজে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তিয়া ডিগ্রি কলেজে গতকাল শনিবার ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন ছাত্র আহত হয়েছে। এক পক্ষ প্রায় এক ঘণ্টা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে। ক্লাসে প্রথম সারিতে বসাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ দুই দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে পরিস্থিতি শান্ত করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় অবস্থিত জৈন্তিয়া ডিগ্রি কলেজে গত সোমবার শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসা নিয়ে কয়েকজন ছাত্রের মধ্যে কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে গতকাল শনিবার বেলা ১১টার দিকে দরবস্ত এলাকার ছাত্ররা বহিরাগতদের নিয়ে লাঠিসোঁটাসহ কলেজে প্রবেশ করে এবং দরবস্ত এলাকার বাইরের ছাত্রদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন ছাত্র আহত হয়েছে। এদের মধ্যে কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রুবেল আহমদ ও ইমরান আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর জৈন্তা এলাকার ছাত্র ও এলাকাবাসী হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে দুপুর ১২টা থেকে প্রায় এক ঘণ্টা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের গাড়িও অবরোধের মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ মৃদু লাঠিপেটা করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলকচন্দ্র বসাক জানান, কর্তৃপক্ষ কলেজ বন্ধ ঘোষণা করায় ছাত্ররা ঘটনাস্থল ত্যাগ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।