জৈব কীটনাশকে বিষমুক্ত সবজি চাষে পুরস্কার
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কর্ণি গ্রামের আকলু মিয়া চৌধুরী বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন। প্রযুক্তির মাধ্যমে মেহগনিগাছের ফল থেকে বিষমুক্ত জৈব কীটনাশক উৎপাদন ও ব্যবহার করে উচ্চ ফলনশীল সবজি চাষের জন্য তাঁকে ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছে।
আকলু মিয়া বলেন, ৭ জানুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন। পদক ছাড়াও তাঁকে ১৫ হাজার টাকার চেক এবং প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে।
২০১০ সালের ১৭ এপ্রিল প্রথম আলোতে শনিবারের বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছিল।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শেখ আজিজুর রহমান বলেন, আকলু মিয়ার উদ্ভাবিত জৈব কীটনাশক পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত ও পরিবেশবান্ধব। এতে উৎপাদনও ভালো হয়। কাজের স্বীকৃতি হিসেবেই তিনি পুরস্কার পেয়েছেন।
এলাকাবাসী বলেন, আকলু মিয়া চৌধুরী একজন সফল সবজিচাষি হিসেবে সরকারিভাবে সিঙ্গাপুর ও থাইল্যান্ডে কৃষিবিষয়ক উচ্চতর প্রযুক্তির প্রশিক্ষণ নিয়েছেন। প্রায় দুই যুগ ধরে তিনি সফলতার সঙ্গে সবজি চাষ করছেন।