জৈব কৃষিতে অবদান, জাতীয় পদক পেলেন চাচা-ভাতিজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ উন্নয়ন ও জৈব কৃষি বিস্তারে অবদান রাখায় ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় চাচা ও ভাতিজি এবার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
পুরস্কার পাওয়া দুজন হলেন হেলাল উদ্দিন (৬৯) ও তাঁর ভাতিজি মর্জিনা বেগম (৪২)। তাঁদের বাড়ি মহেশ্বরচাঁদা গ্রামে। নিরাপদ ও বিষমুক্ত ফসল চাষের লক্ষ্যে কেঁচো সারসহ জৈব বালাইনাশক তৈরি ও ব্যবহার এবং কৃষকদের মাঝে এসব বিতরণ করে তাঁরা ওই পুরস্কারের ব্রোঞ্জ পদক লাভ করেন।
পদক পেয়ে খুশি হেলাল উদ্দিন ও মর্জিনা বেগম। গতকাল তাঁরা বলেন, এই পুরস্কার তাঁদের আরও বেশি কাজ করতে আগ্রহী করেছে।
কৃষক হেলাল উদ্দিন বলেন, তাঁর প্রয়াত ভাই ওমর আলী কার্ড নামের একটি সমিতি গঠন করে ২০০১ সালে এলাকায় নিরাপদ ও বিষমুক্ত ফসল চাষ শুরু করেন। এ সমিতির অধীনে ওমর মেয়ে মর্জিনা ও তাঁকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেন। তাঁরা ১৫ দিন কেঁচো সার তৈরির প্রশিক্ষণ নেন। একজন জাপানি, একজন ভারতীয় ও দুজন বাংলাদেশি বিশেষজ্ঞ তাঁদের গ্রামে এ প্রশিক্ষণ দেন। এরপর তাঁরা বাড়িতে কেঁচো সার তৈরি শুরু করেন। প্রথম দিকে এ সার কেউ ব্যবহার করতে চাইতেন না। তাই তাঁরা ২০০৯ সাল পর্যন্ত বিনা মূল্যে মানুষকে এ সার দেন। এখন তিনি মাসে ২৫ মণ সার তৈরি করেন। ১৫ টাকা কেজি দরে তা বিক্রি করেন। তাঁরা জৈব বালাইনাশক, ভেষজ উদ্ভিদ ও অর্গানিক কম্পোস্ট সার উৎপাদন ও বিতরণ করে কৃষকদের এগুলো ব্যবহারে উদ্বুদ্ধ করেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম বলেন, গত ১৬ জুলাই রাজধানীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে হেলাল উদ্দিন ও মর্জিনা বেগমের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা ও প্রযুক্তি কাজে লাগানোর মাধ্যমে তাঁরা এ সফলতা পেয়েছেন।