জৈব গ্যাসে বদলে গেছে জীবনধারা

খাগড়াছড়ি সদর উপজেলার গামারিঢালা গ্রামের গৃহবধূদের জীবনধারা বদলে দিয়েছে জৈব গ্যাস। গ্রামের ৩০টি পরিবার কয়েক বছর ধরে রান্নার কাজে জৈব গ্যাস ব্যবহার করে আসছে।
বেসরকারি সংস্থা ‘গ্রামীণ শক্তি’ গামারিঢালা গ্রামকে ‘বায়োগ্যাস মডেল ভিলেজ’ ঘোষণা করেছে। কোনো গ্রামের অন্তত ২০টি বাড়িতে জৈব গ্যাস থাকলে সেটিকে ‘বায়োগ্যাস মডেল ভিলেজ’ হিসেবে চিহ্নিত করে সংস্থাটি। খাগড়াছড়িতে এ রকম ‘বায়োগ্যাস মডেল ভিলেজ’ আছে দুটি।
খাগড়াছড়ি জেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের পাশে এই গ্রাম। ২০০৬ সালে একজন শিক্ষক গ্রামে প্রথম জৈব গ্যাস প্ল্যান্ট স্থাপন করেন। তারপর কয়েক বছরের মধ্যে গ্রামটিতে মোট ৩০টি প্ল্যান্ট স্থাপন করা হয়। গ্রামে ১৩০টি পরিবারের বসবাস।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, একটি ছাড়া সব প্ল্যান্টই চালু আছে। গোবরের অভাবে একটি জৈব গ্যাস প্ল্যান্ট বন্ধ।
গ্রামের গৃহবধূ সোনাবি চাকমা জানান, তাঁদের পাঁচ সদস্যের পরিবারের রান্নাবান্না জৈব গ্যাসের সাহায্যে করা হয়। তাঁদের আর লাকড়ির চুলা দরকার হয় না। জৈব গ্যাসের কারণে রান্নার কাজ অনেক সহজ হয়েছে। রান্নার কাজে সময় কম ব্যয় হওয়ায় পরিবারে অন্য কাজে সময় বেশি দেওয়া যায়।
একই গ্রামের রাজেশ দেওয়ান জানান, তিনি ২০০৭ সালের জুলাইয়ে জৈব গ্যাস প্ল্যান্ট স্থাপন করেন। প্ল্যান্টটি সঠিক ব্যবস্থাপনার জন্য ২০০৯ সালে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) তাঁকে সম্মাননা স্মারক দেয়। তিনি জানান, বর্তমানে জৈব গ্যাস প্ল্যান্ট ব্যবস্থাপনায় কিছু সমস্যা হচ্ছে। মূলত জৈব গ্যাসের প্রাথমিক উপাদান গোবর পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। গোচারণ ভূমি না থাকা ও বেশির ভাগ জমিতে তামাক চাষ করায় গরু পালনে সমস্যা দেখা দিয়েছে। এ কারণে গ্রামের বেশির ভাগ বাড়িতে এখন গরু পালা হয় না।
গ্রামীণ শক্তির খাগড়াছড়ি অঞ্চলের ব্যবস্থাপক ত্রিশ্বতী চাকমা জানান, তাঁরা সহজ শর্তে গ্রাহকদের জৈব গ্যাস প্ল্যান্ট নির্মাণ করে দিচ্ছেন। তিনি বলেন, বাড়িতে গরু না থাকায় ইচ্ছে থাকলেও অনেকে প্ল্যান্ট স্থাপন করতে পারেন না। আবার অনেক সময় দেখা যায়, অনেকে প্ল্যান্ট চালু করেন। কিন্তু পরে গরু বিক্রি করে দেন। এতে প্ল্যান্টটি আর চালু রাখা যায় না।