জৈব গ্যাসের বিদ্যুতে আলোকিত চার গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তি উদ্যোগে উৎপাদিত জৈব গ্যাস প্ল্যান্টের বদৌলতে বদলে গেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের চান্দ্রাকান্দি, পুটিয়ারপাড়, কালিপুর এবং জামালপুর গ্রামের জীবনযাত্রা। মাত্র পাঁচ বছর আগেও এসব গ্রামে সন্ধ্যাতেই নেমে আসত ঘুটঘুটে অন্ধকার। আর এখন দুই শতাধিক পরিবার ব্যবহার করছে বিদ্যুৎ আর গ্যাস।
মুরগির বিষ্ঠা থেকে উৎপাদিত জৈব গ্যাসে গ্রামগুলো এখন আলোয় উজ্জ্বল। ঘুরছে বৈদ্যুতিক পাখা, জ্বলছে বাতি, রান্না হচ্ছে গ্যাসে। ২০০৯ সাল থেকে এ সুবিধা ভোগ করছে গ্রামবাসী।
উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে পুটিয়ারপাড় গ্রাম। সম্প্রতি সরেজমিনে গ্রামের আল-মদিনা অ্যাগ্রো ফার্মে ঘুরে কথা হয় এলাকার প্রথম জৈব গ্যাস উৎপাদনকারী ও খামারটির মালিক আল-আমিনের সঙ্গে। ওই খামারের মুরগির বিষ্ঠা থেকেই তিনি দুটি জৈব গ্যাস প্ল্যান্ট বসান। তিনি বলেন, তাঁর গ্রামে বিদ্যুৎ-গ্যাস কিছুই ছিল না। গ্রামবাসী নানাভাবে চেষ্টা করেও বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ পাননি। পরে ২০০৯ সালে আট লাখ টাকা ব্যয়ে এ মুরগির খামারটি গড়ে তোলেন। আরও দুই লাখ টাকা খরচ করে জৈব গ্যাস প্ল্যান্ট দুটি বসান। এর একটি ৫৫, আরেকটি ৪৫ ঘনমিটার ক্ষমতাসম্পন্ন। এগুলো থেকে উৎপাদিত গ্যাসে তাঁর নিজ গ্রামের ৮০ এবং পাশের চান্দ্রাকান্দি গ্রামের ৫০ পরিবারের রান্নার কাজ চলে। দুটি জেনারেটরের মাধ্যমে এসব পরিবারে দেওয়া হয়েছে বিদ্যুতের সংযোগও। এতে সন্ধ্যার পর বাতি জ্বলে, বৈদ্যুতিক পাখাও ঘুরে। তবে আর্থিক সংকটে প্ল্যান্ট বড় করা সম্ভব না হওয়ায় বেশি মানুষকে এ সুবিধা দেওয়া যাচ্ছে না।
ওই গ্রামের মো. বোরহানউদ্দিন বলেন, তিনিও ৩০ ঘনমিটার ক্ষমতাসম্পন্ন একটি জৈব গ্যাস প্ল্যান্ট স্থাপন করেছেন। এখান থেকে ৩০টি পরিবার জ্বালানি এবং বিদ্যুতের সুবিধা পাচ্ছে।
সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুবায়ের আহম্মেদ বলেন, উল্লিখিত চার গ্রামের মানুষ বিদ্যুৎ-গ্যাসের জন্য সংশ্লিষ্ট বিভাগে আবেদন করেও তা পায়নি। কয়েকজন ব্যক্তি নিজ উদ্যোগে জৈব গ্যাস প্ল্যান্ট বসিয়ে এলাকাবাসীর বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা মেটাচ্ছেন।
গ্রামের গৃহবধূ জাহানারা বেগম (৫৫) বলেন, ‘বায়োগ্যাস পাইয়া আমাগো অনেক উপকার হইছে। রান্নায় এখন আগের মতো লাকড়ি ঠেলা লাগে না। এই গ্যাসে চলা একটা চুলায় সাত-আটজনের রান্না করা যায়। খরচও কম। আবার লাইট (বাতি) জ্বলে, ফ্যানও চলে।’
এলাকাবাসী জানান, উপজেলার কালিপুর এবং জামালপুর গ্রামেও তিনটি জৈব গ্যাস প্ল্যান্ট আছে। কালিপুর গ্রামের মিজান চৌধুরীর ৩০ ঘনমিটার এবং জামালপুর গ্রামের নাজিম চৌধুরীর ৩০ ঘনফুট ক্ষমতাসম্পন্ন দুটি প্ল্যান্ট থেকে জৈব গ্যাস উৎপাদিত হচ্ছে। এসব প্ল্যান্ট থেকে এ দুই গ্রামের ৯০টি পরিবার গ্যাসের সুবিধা পাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলাম জানান, ব্যক্তিগত প্রচেষ্টায় জৈব গ্যাস উৎপাদন একটি ইতিবাচক পদক্ষেপ। এ পদ্ধতিটি পরিবেশবান্ধব। এতে অনেক পরিবার কম খরচে গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছে। তবে জৈব গ্যাস প্ল্যান্টের জন্য সরকারি বরাদ্দ না থাকায় উদ্যোক্তাদের সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা সম্ভব হচ্ছে না।