জৈব গ্যাসের সারে বাড়ছে গাছ

বাগানে লক্ষাধিক ঔষধি গাছ। প্রতিবছর এসব গাছে রাসায়নিক সার দিতে খরচ হতো প্রায় সাড়ে তিন লাখ টাকা। কিন্তু বাজারের এসব সারে ভেজাল দেওয়া হয়। এ কারণে তিন বছর আগে থেকে জৈব সার ব্যবহার করছেন বাগানমালিক। জৈব গ্যাস প্ল্যান্ট তৈরি হচ্ছে এ সার। এতে উৎপাদন ব্যয় অর্ধেকের বেশি কমেছে। জৈব গ্যাস দিয়ে বাগানে চলছে রান্নার কাজ। আর রাসায়নিক সার ব্যবহার না করায় মাটির উর্বরতা শক্তিও নষ্ট হচ্ছে না।
ঔষধি গাছের বাগান: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই ঔষধি গাছের বাগান। সুলতানপুর গ্রামের রেজাউর রহমান ১৫ বছর আগে এ বাগান করেছেন। এই বাগান নিয়ে প্রথম আলোতে ২০১২ সালের ১০ অক্টোবর ‘তিল তিল করে গড়া স্বপ্ন’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। বর্তমানে বাগানে ৩৭ জাতের ঔষধি গাছ আছে। একসময় গাছের পরিচর্যায় রাসায়নিক সার ব্যবহৃত হলেও তিন বছর ধরে জৈব সার ব্যবহার করছেন রেজাউর রহমান।
যে কারণে জৈব গ্যাস প্ল্যান্ট: ২০১১ সালের মাঝামাঝি সময়ে সার দিতে গিয়ে দেখা যায়, গাছের গোড়ার মাটি সাদা হয়ে আছে। এরপর শ্রমিকেরা মাটি খুঁড়ে দেখেন নিচে ছোট ছোট সাদা পাথরের গুঁড়া। এগুলো ইউরিয়া সার। এসব দেখে সুনামগঞ্জ জেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা জানান, পাথরের টুকরা, বালু ও ইটের গুঁড়া সারে মেশানো ছিল। এরপর বাগানমালিক গাছ ও পরিবেশ রক্ষা করার জন্য নিজে জৈব সার উৎপাদন করার উদ্যোগ নেন। এ বিষয়ে তাঁকে পরামর্শ দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৎকালীন উপপরিচালক আফসারুজ্জামান। সে অনুযায়ী গ্রামীণ শক্তির কাছ থেকে জৈব গ্যাস প্রযুক্তি কিনে তিনি বাগানে ইডকল মডেলের ৪ দশমিক ৮ ঘনমিটারের একটি প্ল্যান্ট তৈরি করেন। তিন বছর ধরে এই প্ল্যান্ট থেকে জৈব সার উৎপাদন করে বাগানে ব্যবহার করছেন তিনি। একই সঙ্গে এই জৈব গ্যাস দিয়ে শ্রমিকদের রান্নার জন্য একটি চুলাও জ্বালানো হয়। জৈব সার উৎপাদনে প্রয়োজন গোবর। বাগানের ভেতরে রয়েছে গরুর ও ভেড়ার খামার। খামারের ২০টি গরু ও ৪৩টি ভেড়ার গোবর দিয়ে এ চাহিদা মেটানো হয়।
রেজাউর রহমানের বক্তব্য: বাগানে জৈব গ্যাস প্লান্ট তৈরি করতে তাঁর ৮৭ হাজার টাকা খরচ হয়েছে। গাছের গোড়ায় আগে ইউরিয়া, টিএসপি, এমওপি সার ও জিপসাম দিতে হয়। বছরে এ জন্য প্রায় তিন লাখ টাকা ব্যয় হতো। এখন জৈব সার ব্যবহার করায় ব্যয় কমেছে। এখন এক লাখ ৪০ হাজার টাকা খরচ হয়। বাগান দেখাশোনায় থাকা সাতজন শ্রমিক একই সঙ্গে প্ল্যান্টও দেখাশোনা করেন।
রেজাউর রহমান আরও জানান, বাজারের সারে অনেক ভেজাল থাকে। এ ছাড়া রাসায়নিক সার ব্যবহার নানা কারণে ক্ষতিকর। জৈব সারে মানুষ ও পরিবেশের কোনো ক্ষতি হয় না।
বাগানের শ্রমিকেরা জানান, প্রতিদিন সকালে প্ল্যান্টের নির্ধারিত স্থানে ৬০ কেজি গোবর এবং ৬০ লিটার পানি দেন তাঁরা। এরপর গোবর ও পানি মিশে যায় আরেকটি গর্তে। সেখান থেকে তরল হয়ে সেগুলো পরের গর্তে গিয়ে পড়ে। এরপর সেগুলো তুলে নিয়ে গাছের গোড়ায় দেওয়া হয়।
সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হাসেম বলেন, ‘আমি রেজাউর রহমানের ঔষধি গাছের বাগান এবং জৈব গ্যােসর প্ল্যান্টের কথা শুনেছি। কিন্তু সেখানে যাওয়া হয়নি। জৈব গ্যাস প্ল্যান্ট করার উদ্যোগটি ভালো।’