জৈব গ্যােস রান্নায় স্বাচ্ছন্দ্য
গাইবান্ধা শহরের বানিয়ারজান এলাকার গৃহিণী রোকসানা পারভীন (৪০)। তাঁর মাসে জ্বালানি খরচ হতো এক হাজার ৫০০ টাকা। এখন মাসে ৬০০ টাকা দিয়ে পরিবেশবান্ধব জৈব গ্যাস ব্যবহার করেন।
রোকসানার মতো বানিয়ারজান এলাকার ৩০ জন গৃহিণী গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন ছিন্নমূল মহিলা সমিতির উদ্যোগে জৈব গ্যাস ব্যবহার করে টাকা সাশ্রয় করছেন।
রোকসানা বলেন, ‘দৈনিক পাঁচ ঘণ্টা গ্যাস পাই। তা দিয়ে ছয় সদস্যের তিন বেলার রান্না হয়ে যায়। এখন প্রতি মাসে ৯০০ টাকা সাশ্রয় হচ্ছে।’
ছিন্নমূল মহিলা সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সাল থেকে জৈব গ্যাস উৎপাদন করা হচ্ছে। প্রতিদিন গাইবান্ধা শহরের এক হাজার ১০০ পরিবারের কাছ থেকে দেড় হাজার কেজি বর্জ্য সংগ্রহ করা হয়। বর্তমানে ১৭ জন কর্মী জৈব গ্যাস উৎপাদনে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। সহজে পচনশীল এক হাজার কেজি গৃহস্থালির বর্জ্য বাছাই করে জৈব গ্যাস উৎপাদন কূপে দেওয়া হয়। কূপে রাখা বর্জ্য প্রক্রিয়া করা হয়। এরপর প্রতিদিন এক হাজার কেজি বর্জ্য থেকে ৩০ কিউবিক মিটার বায়োগ্যাস উৎপাদন করা হচ্ছে। এই গ্যাস বানিয়ারজানের দুই কিলোমিটার এলাকাজুড়ে ৩০টি পরিবারের মধ্যে সরবরাহ করা হচ্ছে। এই গ্যাস ব্যবহারের জন্য প্রতিটি পরিবারের কাছ থেকে মাসিক ৬০০ টাকা করে নেওয়া হয়। তবে এই প্রকল্প তৈরি করতে প্রায় ৩০ লাখ টাকা খরচ হয়েছে। এতে গাইবান্ধা পৌরসভা ও প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ তাদের সহায়তা করেছে।
বায়োগ্যাস ব্যবহারকারী মোরশেদা বেগম (৩৫) বলেন, ‘সিলিন্ডার গ্যাস কেনার সামর্থ্য ছিল না। তাই খড়ি কিনে রান্নার কাজ সারতে হয়েছে। এক বছর ধরে জৈব গ্যাস ব্যবহার করছি। অথচ আগে কম খরচে গ্যাস ব্যবহারের কথা ভাবতে পারিনি।’ গৃহিণী জাহানারা বেগম, মমেনা খাতুন ও শামীম আরা একই মন্তব্য করেন।
গাইবান্ধা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড (বানিয়ারজান) কাউন্সিলর আজাহার আলী জানান, বর্তমানে প্রতিটি মাঝারি গ্যাস সিলিন্ডার এক হাজার ৫০০ টাকা বিক্রি হচ্ছে। কিন্তু অনেকের গ্যাস কেনার সামর্থ্য নেই। এ ক্ষেত্রে পরিবেশবান্ধব জৈব গ্যাসের উৎপাদন জ্বালানি সাশ্রয়ে ভূমিকা রাখছে।
পৌর মেয়র মো. শামছুল আলম জানান, জৈব গ্যাস ব্যবহারে শুধু জ্বালানি খরচই সাশ্রয় হচ্ছে না, শহর আবর্জনামুক্ত থাকছে। পৌরসভা প্রতিদিনের গৃহস্থালি বর্জ্য সংগ্রহ করে একটি জায়গায় স্তূপ করে রাখত। এতে পরিবেশ নষ্ট ও বেশি জায়গার প্রয়োজন হতো। এই প্রকল্প চালু হওয়ায় গৃহস্থালি বর্জ্যের সুষ্ঠু ব্যবহার হচ্ছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে।
জানতে চাইলে ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শীদুর রহমান খান জানান, দেশের পৌরসভাগুলো বর্জ্য ব্যবস্থাপনায় অনেকটা পিছিয়ে। এই প্রক্রিয়া কাজে লাগিয়ে সামাজিক ব্যবসা হিসেবে পৌরসভাগুলোতে জৈব গ্যাস ও জৈব সার উৎপাদন করা যেতে পারে। এ জৈব গ্যাস পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী। তিনি আরও জানান, ভবিষ্যতে গোটা শহরে জৈব সরবরাহের পরিকল্পনা রয়েছে।